বৃহস্পতিবার ● ৬ আগস্ট ২০২৬
অভিযোগ তদন্তে গিয়ে কর্মকর্তার সামনেই সংঘর্ষ, অসম্পূর্ণ রইল তদন্ত
হোম » লিড নিউজ » অভিযোগ তদন্তে গিয়ে কর্মকর্তার সামনেই সংঘর্ষ, অসম্পূর্ণ রইল তদন্ত
![]()
সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর
পিরোজপুরের কাউখালীতে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করতে গিয়ে দুই পক্ষের সংঘর্ষের মুখে পড়েছেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তা। বৃহস্পতিবার (৬ আগস্ট) উপজেলার চিরাপাড়া-পারসাতুরিয়া ইউনিয়নের ৩৫ নম্বর কেশরতা সুজাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনেয়ারা পারভীনের বিরুদ্ধে অনিয়ম, স্বেচ্ছাচারিতা, ক্ষমতার অপব্যবহার ও অভিভাবকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ করেন কয়েকজন অভিভাবক। এসব অভিযোগ তদন্ত করতে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিদ্যালয়ে যান উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সজল কান্তি সিকদার।
অভিযোগকারীদের দাবি, সরকারি বিধিমালা অনুসরণ না করে বিদ্যালয় পরিচালনা কমিটি গঠন করা হয়েছে এবং নিজস্ব লোকজনের মধ্যে কমিটির সদস্যপদের ফরম বিতরণ করা হয়েছে। বিদ্যালয়ের অভিভাবক খোকন হোসেন, মিন্টু তালুকদার, এমদাদুল হক খানসহ কয়েকজন স্থানীয় ব্যক্তি এসব অভিযোগ করেন।
তবে অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক হোসনেয়ারা পারভীন বলেন, ‘আমার বিরুদ্ধে আনা সব অভিযোগই মিথ্যা ও ভিত্তিহীন। একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।’
তদন্ত চলাকালে প্রধান শিক্ষকের সমর্থক অভিভাবক ও অভিযোগকারী অভিভাবকদের মধ্যে তর্ক-বিতর্কের একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে নিরাপত্তার স্বার্থে তদন্ত শেষ না করেই বিদ্যালয় ত্যাগ করেন তদন্ত কর্মকর্তা সজল কান্তি সিকদার।
সজল কান্তি সিকদার বলেন, ‘দুই পক্ষের সংঘর্ষের কারণে পরিস্থিতি অনুকূলে না থাকায় তদন্ত কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হয়নি। পরবর্তীতে উপযুক্ত পরিবেশে পুনরায় তদন্ত করে প্রতিবেদন দেওয়া হবে।’
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অহেদুল রহমান বলেন, ‘অভিভাবকদের লিখিত অভিযোগ আমরা পেয়েছি। অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য তদন্তের ব্যবস্থা করা হয়েছে। তবে তদন্ত চলাকালে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হওয়ায় তা সম্পন্ন করা সম্ভব হয়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাই করে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
বাংলাদেশ সময়: ২০:২০:৩০ ● ২৮ বার পঠিত
