বৃহস্পতিবার ● ৬ আগস্ট ২০২৬

ভান্ডারিয়ায় চোরাই ৪ মহিষ উদ্ধার, আন্তঃজেলা ডাকাত দলের সদস্য আটক

হোম » পিরোজপুর » ভান্ডারিয়ায় চোরাই ৪ মহিষ উদ্ধার, আন্তঃজেলা ডাকাত দলের সদস্য আটক
বৃহস্পতিবার ● ৬ আগস্ট ২০২৬


 

ভান্ডারিয়ায় চোরাই ৪ মহিষ উদ্ধার, আন্তঃজেলা ডাকাত দলের সদস্য আটক

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

 

পিরোজপুরের ভান্ডারিয়া থানা পুলিশের অভিযানে চোরাই চারটি মহিষ উদ্ধার এবং আন্তঃজেলা ডাকাত দলের সদস্য কামরুল হাওলাদার (৩৬)কে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত ২টা ৪০ মিনিটের দিকে উপজেলার বড় কানুয়া এলাকার বটতলা থেকে তাকে আটক করা হয়।

 

আটক কামরুল হাওলাদার ভান্ডারিয়া উপজেলার উত্তর ভিটাবাড়িয়া গ্রামের মৃত সুলতান হাওলাদারের ছেলে।

 

পুলিশ জানায়, বুধবার দিবাগত রাতে ভান্ডারিয়া থানা পুলিশের রাত্রিকালীন ডিউটিরত দুটি মোবাইল টিম একটি চেকপোস্ট পরিচালনা করছিল। এ সময় একটি হলুদ রঙের মিনি ট্রাক চেকপোস্টের সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে দুটি মোবাইল টিম যৌথভাবে ধাওয়া করে উপজেলার বড় কানুয়া এলাকার বটতলা থেকে ট্রাকটি আটক করে।

 

পরে ট্রাকে তল্লাশি চালিয়ে ঝালকাঠীর কাঁঠালিয়া থানা এলাকা থেকে চুরি হওয়া চারটি মহিষ উদ্ধার করা হয়। একই সঙ্গে ট্রাকে থাকা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য কামরুল হাওলাদারকে আটক করা হয়।

 

ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, আটক কামরুল হাওলাদারের বিরুদ্ধে ৮টি ডাকাতি, ৩টি দস্যুতা এবং ৪টি চুরির মামলাসহ মোট ১৫টি মামলা রয়েছে। উদ্ধার হওয়া চারটি চোরাই মহিষ ও ব্যবহৃত মিনি ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় কাঁঠালিয়া থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। চোরাই গবাদিপশু পাচার ও আন্তঃজেলা অপরাধী চক্রের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৮:১৩:৫৫ ● ২৪ বার পঠিত