বুধবার ● ৫ আগস্ট ২০২৬

বরগুনায় শ্রদ্ধা ও নানা আয়োজনে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

হোম » বরগুনা » বরগুনায় শ্রদ্ধা ও নানা আয়োজনে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস
বুধবার ● ৫ আগস্ট ২০২৬


 

বরগুনায় শ্রদ্ধা ও নানা আয়োজনে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

 

যথাযোগ্য মর্যাদা, শ্রদ্ধা এবং নানা কর্মসূচির মধ্য দিয়ে বরগুনায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস।

 

বুধবার (৫ আগস্ট) সকালে বরগুনা সার্কিট হাউস মাঠে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা হয়। প্রথমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার।

 

পরে পুলিশ সুপার কুদরত-ই-খুদা, সিভিল সার্জন ডা. আবুল ফাত্তাহ, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম মোল্লা, পাবলিক প্রসিকিউটর (পিপি) আলহাজ্ব মো. নুরুল আমিন, জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ূন হাসান শাহীন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা সালেহ ফারুক, বরগুনা প্রেসক্লাবের সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আবু জাফর সালেহ, সাবেক সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক মনির হোসেন কামালসহ বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করেন।

 

শ্রদ্ধা নিবেদন শেষে জেলা প্রশাসনের আয়োজনে বরগুনা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। এ সময় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জেলা প্রশাসকসহ সরকারি দপ্তরের কর্মকর্তারা, জুলাই শহীদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

 

এদিকে, জাতীয় কর্মসূচির অংশ হিসেবে জেলার বিভিন্ন উপজেলায় আলোচনা সভা, স্মৃতিচারণ, দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচি পালন করা হয়। দিবসের কর্মসূচির অংশ হিসেবে বিকেল ৪টায় জেলা ক্রীড়া সংস্থা ও সরকারি শিশু পরিবারের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

 

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত এসব কর্মসূচির মাধ্যমে গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং তাঁদের অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৯:৩২:২৭ ● ১০ বার পঠিত