বুধবার ● ৫ আগস্ট ২০২৬

বোরহানউদ্দিনে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

হোম » ভোলা » বোরহানউদ্দিনে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
বুধবার ● ৫ আগস্ট ২০২৬


 

বোরহানউদ্দিনে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

সাগরকন্যা প্রতিবেদক, বোরহানউদ্দিন (ভোলা)

 

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার কাচিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড এলাকার ওই স্কুলছাত্রীকে গত ২৬ জুলাই দুপুরে স্থানীয় একটি নির্জন বাগানে নিয়ে পাঁচজন মিলে ধর্ষণ করে বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর ভাই বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

 

এজাহারে উল্লেখ করা হয়, ঘটনার দিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে অভিযুক্তরা কৌশলে ওই ছাত্রীকে নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে একাধিক ব্যক্তি তাকে ধর্ষণ করে এবং ঘটনার ভিডিও ধারণ করে। পরে বিষয়টি পরিবারের সদস্যরা জানতে পেরে থানায় অভিযোগ করেন।

 

মামলা দায়েরের পর বোরহানউদ্দিন থানা পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত পাঁচ আসামির মধ্যে তিনজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো কাচিয়া ইউনিয়নের মো. কামালের ছেলে রাহাত (১৭), মো. জাকির হোসেনের ছেলে সিয়াম (১৭) এবং মো. কাশেমের ছেলে ইমন (১৭)। মঙ্গলবার দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

 

ভুক্তভোগী ছাত্রীর ভাই অভিযোগ করে বলেন, একটি কিশোর গ্যাং দীর্ঘদিন ধরে তার বোনকে স্কুলে যাওয়া-আসার পথে বিভিন্ন সময় কু-প্রস্তাব দিয়ে আসছিল। এতে রাজি না হওয়ায় ঘটনার দিন তাকে ফুসলিয়ে বাগানে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করা হয় এবং ভিডিও ধারণ করা হয়। পরে বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

 

স্থানীয় এক ব্যক্তি জানান, একপর্যায়ে ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ভুক্তভোগীর পরিবার জানতে পারে। এরপর তারা থানায় মামলা দায়ের করেন।

 

বোরহানউদ্দিন থানার পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা রিপন কুমার সাহা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে। মামলার তদন্ত চলমান রয়েছে এবং ঘটনায় জড়িত অন্যদের বিরুদ্ধেও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

 

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে ঘটনার সঙ্গে জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮:৪৬:১০ ● ১২২ বার পঠিত