বুধবার ● ৫ আগস্ট ২০২৬

কলাপাড়ায় ১২ জুলাই যোদ্ধাকে সংবর্ধনা

হোম » পটুয়াখালী » কলাপাড়ায় ১২ জুলাই যোদ্ধাকে সংবর্ধনা
বুধবার ● ৫ আগস্ট ২০২৬


 

কলাপাড়ায় ১২ জুলাই যোদ্ধাকে সংবর্ধনা

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

 

পটুয়াখালীর কলাপাড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ১২ জন জুলাই যোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদের দরবার হল পায়রায় উপজেলা প্রশাসনের আয়োজনে এ সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক।

 

এ সময় উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কলাপাড়া উপজেলা প্রশাসন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করে। কর্মসূচির মধ্যে ছিল সকাল ৯টায় পৌর শহীদ মিনারে জুলাই শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ, শহীদদের আত্মার শান্তি কামনা এবং জুলাই যোদ্ধাদের সুস্থতা ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনায় মসজিদ, মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনা।

 

এ ছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, খেপুপাড়া এতিমখানা হাফেজিয়া নুরানী মাদ্রাসায় প্রীতিভোজের আয়োজন করা হয়। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রদর্শন করা হয় জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র।

 

এদিকে দিবসটি উপলক্ষে কলাপাড়া উপজেলা বিএনপির উদ্যোগে শহরে র‌্যালি ও দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসব কর্মসূচিতে নেতৃত্ব দেন সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন।

 

একই দিনে ইসলামী আন্দোলন বাংলাদেশ কলাপাড়া উপজেলা শাখার উদ্যোগে র‌্যালি শেষে কলাপাড়া প্রেসক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন উপজেলা সভাপতি মো. মোস্তাফিজুর রহমান।

 

এ ছাড়া বাংলাদেশ নাগরিক পার্টি (এনসিপি)সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করে।

বাংলাদেশ সময়: ১৮:১৫:০০ ● ১২ বার পঠিত