বুধবার ● ৫ আগস্ট ২০২৬
জুলাই শহীদ এমদাদুল হকের কবর জিয়ারত ও শহীদ পরিবার-যোদ্ধাদের সংবর্ধনায় প্রতিমন্ত্রী সোহেল মঞ্জুর
হোম » পিরোজপুর » জুলাই শহীদ এমদাদুল হকের কবর জিয়ারত ও শহীদ পরিবার-যোদ্ধাদের সংবর্ধনায় প্রতিমন্ত্রী সোহেল মঞ্জুর
![]()
সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর
জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ ও জুলাই যোদ্ধা শহীদ এমদাদুল হকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে পিরোজপুরের ভাণ্ডারিয়ায় তাঁর কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল এবং জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলার ধাওয়া গ্রামে শহীদ এমদাদুল হকের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুর, এমপি। পরে তিনি ফাতেহা পাঠ করেন এবং শহীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. হাসিবুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হালদার, ভাণ্ডারিয়া থানার অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান, শহীদ এমদাদুল হকের বাবা মো. ছোবাহান হাওলাদার, মা ফাতিমা বেগম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন আকন, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ মোল্লা জমাদ্দার, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি জুয়েল মৃধাসহ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
পরে বেলা সাড়ে ১১টায় ভাণ্ডারিয়া পৌর অডিটোরিয়ামে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুর, এমপি।
এ সময় আরও বক্তব্য দেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি জুয়েল মৃধা, ভাণ্ডারিয়া থানার অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান, পৌর যুবদলের সদস্যসচিব সাইফুল ইসলাম রনি, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আল-আমিন মুন্সী, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব তানভীর জিয়া রাসেল, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রিয়াজুল ইসলাম শহিরাজ এবং জুলাই যোদ্ধা রনি।
বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার এক গৌরবোজ্জ্বল অধ্যায়। তাঁদের আদর্শ ও আত্মত্যাগকে ধারণ করে ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠান শেষে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা ও উপহার প্রদান করা হয়।
উল্লেখ্য, ২০২৪ সালের ২০ জুলাই ঢাকায় জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকালে পুলিশের গুলিতে নিহত হন পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার ৫ নম্বর ধাওয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ধাওয়া গ্রামের বাসিন্দা মো. ছোবাহান হাওলাদারের ছোট ছেলে এমদাদুল হক।
বাংলাদেশ সময়: ১৬:৫৭:৪৬ ● ১২ বার পঠিত
