শনিবার ● ৮ আগস্ট ২০২৬

বোবায় ধরা কী, কেন হয় এবং এ সময় শরীরে কী ঘটে?

হোম » লাইফস্টাইল » বোবায় ধরা কী, কেন হয় এবং এ সময় শরীরে কী ঘটে?
শনিবার ● ৮ আগস্ট ২০২৬


প্রতীকী চিত্র

সাগরকন্যা লাইফস্টাইল ডেস্ক

 

অনেকে ঘুমের মধ্যে ভয়ংকর স্বপ্ন দেখে শিহরে ওঠেন। মনে হয়, কেউ তাঁকে মারতে আসছে, কিন্তু ভয়ে চিৎকার করলেও কোনো শব্দ বের হচ্ছে না। আবার মনে হয়, কে যেন গলা টিপে ধরেছে, হাত-পা আড়ষ্ট হয়ে গেছে। অনেক চেষ্টার পর হাত-পা সামান্য নড়াতে পারলেই ঘুম ভেঙে যায়। এ সময় মুখ থেকে গোঙানির মতো শব্দ বের হতে পারে, মনে হয় কথা আটকে আসছে। এই অভিজ্ঞতাকেই সাধারণভাবে ‘বোবায় ধরা’ বলা হয়।

 

চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এটি ‘স্লিপ প্যারালাইসিস’। ঘুম ভাঙার আগমুহূর্তে মস্তিষ্ক সচেতন হয়ে গেলেও শরীরের পেশিগুলো কিছু সময়ের জন্য স্বাভাবিকভাবে কাজ না করায় এমন অনুভূতি তৈরি হয়। এ সময় পাশের কেউ শরীরে সামান্য স্পর্শ করলেও অনেক ক্ষেত্রে ঘুম ভেঙে যায় এবং স্বাভাবিক অবস্থা ফিরে আসে।

 

ঘুমের মধ্যে শ্বাস-প্রশ্বাসের স্বাভাবিক প্রক্রিয়ায় সাময়িক সমস্যা হলে এ ধরনের ঘটনা ঘটতে পারে। সাধারণত দুটি কারণে এটি হতে পারে। গলার পেছনের দিকে শ্বাসনালির মুখে মাংসপেশি ঢিলে হয়ে বায়ু চলাচলে বাধা সৃষ্টি করলে এমন অনুভূতি হতে পারে। আবার স্বয়ংক্রিয়ভাবে শ্বাস-প্রশ্বাস চালিয়ে যাওয়ার জন্য মস্তিষ্ক থেকে প্রয়োজনীয় সংকেত কয়েক মুহূর্তের জন্য ব্যাহত হলেও এ সমস্যা দেখা দিতে পারে।

 

সাধারণত বোবায় ধরার জন্য আলাদা কোনো চিকিৎসার প্রয়োজন হয় না। তবে যদি এটি ঘন ঘন ঘটে, ঘুমের স্বাভাবিকতা নষ্ট করে বা শ্বাসকষ্টের মতো সমস্যা দেখা দেয়, তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

বাংলাদেশ সময়: ৭:৩৩:১৩ ● ৭৯ বার পঠিত