মঙ্গলবার ● ৪ আগস্ট ২০২৬
কলাপাড়ায় বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী
হোম » পটুয়াখালী » কলাপাড়ায় বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী
![]()
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে বাল্যবিয়ের আয়োজন বন্ধ হয়েছে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে উপজেলার ধুলাসার ইউনিয়নের দুর্গম চরাঞ্চলে শিশুটির বিয়ের প্রস্তুতি চলার খবর পেয়ে প্রশাসনের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আয়োজন বন্ধ করে দেয়।
প্রশাসন সূত্রে জানা গেছে, স্কুলের ভর্তি-সংক্রান্ত তথ্য অনুযায়ী শিশুটির বয়স ১২ বছর ১ মাস ২৪ দিন। কয়েক দিন পরই তার পঞ্চম শ্রেণির দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। এর মধ্যেই পরিবারের পক্ষ থেকে তার বিয়ের আয়োজন করা হয়।
ঘটনাস্থলে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাছলিমা আখতার ও মহিপুর থানার ওসি মো. শামীম হাওলাদারের নেতৃত্বে একাধিক টিম উপস্থিত হয়ে বিয়ের সব প্রস্তুতি বন্ধ করে দেয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভাবের সংসারে থাকা ওই শিশুর পরিবার বিয়ের আয়োজন করেছিল। শিশুটির মায়ের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বিয়ের প্রস্তুতির বিষয়টি স্বীকার করেন। তিনি জানান, বিয়ের প্রাথমিক আনুষ্ঠানিকতাও সম্পন্ন করা হয়েছে। তবে পরে পরিবারের অন্য সদস্যরা ফোন রিসিভ করেননি।
শিশুটির সহপাঠীদের কাছ থেকে বিয়ের বিষয়টি জানতে পারে গণমাধ্যম। পরে বিষয়টি প্রশাসনের নজরে এলে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান বলেন, শিশুটির মা-বাবাকে ডেকে আনা হয়, এরপর বাল্যবিয়ে বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ২১:৫৬:১৫ ● ৩০ বার পঠিত
