মঙ্গলবার ● ৪ আগস্ট ২০২৬

ভারত থেকে কাঁচা মরিচ আমদানিতে বেনাপোলে দাম অর্ধেকে, স্বস্তি ভোক্তাদের

হোম » খুলনা » ভারত থেকে কাঁচা মরিচ আমদানিতে বেনাপোলে দাম অর্ধেকে, স্বস্তি ভোক্তাদের
মঙ্গলবার ● ৪ আগস্ট ২০২৬


 

ভারত থেকে কাঁচা মরিচ আমদানিতে বেনাপোলে দাম অর্ধেকে, স্বস্তি ভোক্তাদের

সাগরকন্যা প্রতিবেদক, বেনাপোল (যশোর)

 

ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হওয়ায় বেনাপোল ও আশপাশের বাজারে মরিচের দাম প্রায় অর্ধেকে নেমে এসেছে। মঙ্গলবার (৪ আগস্ট) সকাল থেকে স্থানীয় বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ ১৮০ থেকে ২০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। কয়েকদিন আগেও একই মরিচের দাম ছিল ৩০০ থেকে ৪০০ টাকা।

 

দেশে অতিবৃষ্টি ও সরবরাহ সংকটের কারণে কাঁচা মরিচের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সরকার আমদানির অনুমতি দেয়। এর পরিপ্রেক্ষিতে সোমবার (৩ আগস্ট) রাতে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের একটি ট্রাকে ৯ টন ২০০ কেজি কাঁচা মরিচ দেশে প্রবেশ করে। আমদানি শুরু হওয়ার খবর ছড়িয়ে পড়তেই বাজারে দাম কমতে শুরু করে।

 

স্থানীয় ক্রেতা আব্দুল জব্বার ও মরিয়ম বেগম বলেন, কয়েকদিনের উচ্চমূল্যের কারণে মরিচ কেনা কঠিন হয়ে পড়েছিল। দাম কমতে শুরু করায় তারা স্বস্তি পেয়েছেন।

 

ব্যবসায়ী আব্দুল মামুন ও হযরত আলী জানান, অতিবৃষ্টি ও সরবরাহ কমে যাওয়ায় বেনাপোল, নাভারণ, শার্শাসহ বিভিন্ন এলাকার বাজারে কাঁচা মরিচের দাম বেড়েছিল। ভারতীয় মরিচ আমদানি শুরু হওয়ায় বাজারে সরবরাহ বাড়ছে এবং দাম কমছে।

 

বেনাপোল আমদানি-রপ্তানিকারক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান বলেন, বাজারে কাঁচা মরিচের দাম নিয়ন্ত্রণে আনতে সরকার দ্রুত আমদানির অনুমতি দিয়েছে। বর্তমানে প্রতি কেজি মরিচের শুল্কসহ আমদানি ব্যয় প্রায় ৭৮ টাকা এবং বন্দরসহ অন্যান্য খরচ মিলিয়ে মোট ব্যয় দাঁড়াচ্ছে প্রায় ১৩৫ টাকা। আমদানির পরিমাণ আরও বাড়লে বাজারে দাম আরও কমে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

 

বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) শামিম হোসেন বলেন, মরিচবাহী ট্রাক বন্দরে পৌঁছানোর পর দ্রুত কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে খালাসের ব্যবস্থা করা হয়েছে, যাতে পণ্য দ্রুত বাজারে পৌঁছাতে পারে।

 

বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সরকারের অনুমোদনের পর ভারতের বিভিন্ন অঞ্চল, বিশেষ করে নাসিক থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। প্রথম ধাপে ৬৯ জন ব্যবসায়ী মোট ২৯ হাজার ৭১০ টন কাঁচা মরিচ আমদানির অনুমতি (আইপি) পেয়েছেন। আমদানি নথি অনুযায়ী, প্রতি টন কাঁচা মরিচের ঘোষিত আমদানি মূল্য ২৩ হাজার ৮৭৫ টাকা।

 

এদিকে, সাম্প্রতিক সময়ে কাঁচা মরিচের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে সাধারণ ক্রেতারা চরম ভোগান্তিতে পড়েছিলেন। বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে এবং মূল্য নিয়ন্ত্রণে সরকারের কার্যকর নজরদারি অব্যাহত রাখার দাবি জানিয়েছেন তারা।

 

উল্লেখ্য, দেশের বাজারে কাঁচা মরিচের সরবরাহ সংকট ও মূল্যবৃদ্ধি মোকাবিলায় সরকার ভারত থেকে কাঁচা মরিচ আমদানির অনুমতি দিয়েছে। কৃষি বিভাগের মতে, বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:০৮:১৯ ● ২৬ বার পঠিত