রবিবার ● ২ আগস্ট ২০২৬
নেছারাবাদে কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ ও আলোচনা সভা
হোম » পিরোজপুর » নেছারাবাদে কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ ও আলোচনা সভা
![]()
সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে বাংলাদেশ কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ আগস্ট) সন্ধ্যার পর উপজেলার সমুদয়কাঠী ইউনিয়নের জুলুহার বাজার ইউনিয়ন পরিষদ চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব মো. আনোয়ার হোসেন খানের সভাপতিত্বে এবং সমুদয়কাঠী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক শেখ ইব্রাহিমের সঞ্চালনায় আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন নেছারাবাদ উপজেলা কৃষক দলের সভাপতি মো. সোহাগ হাওলাদার।
সমাবেশে বক্তব্য দেন সমুদয়কাঠী ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক শেখ নাবিব আহমেদ নাছির, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এইচ. এম. শাকিল, সমুদয়কাঠী ইউনিয়ন যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মো. জিহাদুল ইসলাম খান এবং স্থানীয় কৃষক দল নেতা মো. এনায়েত হোসেন খান। এ সময় স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মো. সোহাগ হাওলাদার বলেন, কৃষি বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি। কৃষকের উন্নয়ন ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। তিনি বলেন, ‘কৃষক বাঁচলে দেশ বাঁচবে’- এই লক্ষ্য সামনে রেখে কৃষকদের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায্য সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, কৃষকদের জন্য কৃষক কার্ডসহ বিভিন্ন কৃষিবান্ধব উদ্যোগ কার্যকরভাবে বাস্তবায়ন করা প্রয়োজন, যাতে প্রত্যন্ত অঞ্চলের প্রান্তিক কৃষকরাও সরকারি সব ধরনের সহায়তা সহজে পান। একই সঙ্গে সরকারি বিভিন্ন দপ্তরকে দালালমুক্ত করে জনগণের দোরগোড়ায় স্বচ্ছ ও মানসম্মত সেবা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সভায় বক্তারা কৃষকদের অধিকার রক্ষা, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং সংগঠনকে আরও শক্তিশালী করতে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড পর্যায়ে কৃষক দলকে সুসংগঠিত করার আহ্বান জানান।
বাংলাদেশ সময়: ২৩:০৬:৫৯ ● ৩১ বার পঠিত
