বৃহস্পতিবার ● ২৩ জুলাই ২০২৬
মহিপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার
হোম » পটুয়াখালী » মহিপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

সাগরকন্যা প্রতিবেদক, মহিপুর (পটুয়াখালী)
পটুয়াখালীর মহিপুরে ১১ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে নূর মোহাম্মদ হাওলাদার (৬৫) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২২ জুলাই) শিশুটির মা খাদিজা বেগম বাদী হয়ে মামলা করলে ওই দিনই তাকে গ্রেপ্তার করা হয়।
মহিপুর থানা পুলিশ জানায়, গত ৭ জুলাই দুপুরে ধুলাসার ইউনিয়নের পূর্ব নতুনপাড়া এলাকায় নিজ বাড়িতে ছোট ভাইকে নিয়ে অবস্থান করছিল শিশুটি। এ সময় তার মা জরুরি কাজে এবং বাবা জীবিকার প্রয়োজনে বাড়ির বাইরে ছিলেন। অভিযোগ, এই সুযোগে নূর মোহাম্মদ হাওলাদার ঘরে ঢুকে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। এসময় লোকজন আসতে দেখে তিনি পালিয়ে যান।
পরিবারের সদস্যদের দাবি, সামাজিক লজ্জা ও স্থানীয়ভাবে সমাধানের আশায় তারা তাৎক্ষণিকভাবে থানায় অভিযোগ করেননি। স্থানীয়ভাবে সুবিচার না পেয়ে বুধবার শিশুটির মা থানায় লিখিত অভিযোগ করেন।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাওলাদার বলেন, ‘এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি তদন্ত শেষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’
বাংলাদেশ সময়: ৬:২১:৩০ ● ৫৩ বার পঠিত
