শনিবার ● ১৮ জুলাই ২০২৬
নেছারাবাদে পেয়ারা বাগান ভ্রমণে এসে যুবকের মৃত্যু
হোম » ঝালকাঠী » নেছারাবাদে পেয়ারা বাগান ভ্রমণে এসে যুবকের মৃত্যু
সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)
পিরোজপুরের নেছারাবাদের পর্যটনসমৃদ্ধ আটঘর-কুড়িয়ানা পেয়ারা বাগান এলাকায় বন্ধুদের সঙ্গে ভ্রমণে এসে ট্রলার থেকে পানিতে পড়ে মুইন সরদার (১৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ জুলাই) বিকেলে আটঘর-কুড়িয়ানা ইউনিয়নের পেয়ারা বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মুইন সরদার বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া গ্রামের মনির সরদারের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও ট্রলারে থাকা বন্ধুদের বরাতে জানা যায়, সাপ্তাহিক ছুটিতে কয়েকজন বন্ধুকে নিয়ে নেছারাবাদের বিখ্যাত পেয়ারা বাগান ভ্রমণে আসেন মুইন। একপর্যায়ে তারা ট্রলারে করে পেয়ারা বাগানের ভেতরের খাল ঘুরে দেখছিলেন। চলন্ত ট্রলারের সামনের দিকে বসা অবস্থায় হঠাৎ ভারসাম্য হারিয়ে মুইন পানিতে পড়ে যান।
এ সময় ট্রলারে থাকা তার বন্ধুরা ও স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ভ্রমণে এসে এক তরুণের এমন মর্মান্তিক মৃত্যুতে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের মধ্যেও শোকের সৃষ্টি হয়েছে। হাসপাতালে নিহতের স্বজনদের আহাজারিতে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২১:৪২:৫৩ ● ২৫ বার পঠিত
