শনিবার ● ১৮ জুলাই ২০২৬
ঢাকায় আইজিসিসির ‘শ্রাবণ সন্ধ্যা’, সংগীতে ফুটল বর্ষার সৌন্দর্য
হোম » সর্বশেষ » ঢাকায় আইজিসিসির ‘শ্রাবণ সন্ধ্যা’, সংগীতে ফুটল বর্ষার সৌন্দর্য
সাগরকন্যা নিজস্ব প্রতিবেদক,
বর্ষার সৌন্দর্য, সংগীতের আবেগ এবং ভারত-বাংলাদেশের অভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে মনোমুগ্ধকর সংগীতানুষ্ঠান ‘শ্রাবণ সন্ধ্যা’। ভারতীয় হাইকমিশনের ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার (আইজিসিসি) আয়োজিত এ অনুষ্ঠানে বর্ষার সুর ও নান্দনিকতায় মুখর হয়ে ওঠে হাইকমিশন প্রাঙ্গণ।
শনিবার (১৮ জুলাই) ঢাকায় ভারতীয় হাইকমিশনে আয়োজিত এ অনুষ্ঠানে হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীত পরিবেশন করেন বাংলাদেশের প্রখ্যাত সংগীতগুরু অনিল কুমার সাহা ও বিশিষ্ট শিল্পী অলোক কুমার সেন। পরে রবীন্দ্রসংগীত পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন খ্যাতিমান রবীন্দ্রসংগীত শিল্পী, গবেষক ও শিক্ষাবিদ ড. চঞ্চল খান।
শ্রাবণ সন্ধ্যায় শিল্পীরা বর্ষা-নির্ভর বাংলা ও হিন্দি গান পরিবেশন করেন। তাদের পরিবেশনায় ফুটে ওঠে বর্ষার প্রকৃতি, বাঙালির আবেগ এবং উপমহাদেশের সমৃদ্ধ সংগীত ঐতিহ্য। শ্রোতারা উপভোগ করেন শাস্ত্রীয়, আধা-শাস্ত্রীয় ও রবীন্দ্রসংগীতের এক অনন্য মেলবন্ধন।
অনুষ্ঠানে অনিল কুমার সাহার দীর্ঘদিনের সংগীত সাধনা ও শাস্ত্রীয় সংগীত চর্চায় অবদানের কথা তুলে ধরা হয়। তিনি বাংলাদেশের অন্যতম সম্মানিত শাস্ত্রীয় সংগীত শিল্পী ও শিক্ষক হিসেবে বহু শিল্পীকে প্রশিক্ষণ দিয়েছেন। অন্যদিকে অলোক কুমার সেন শাস্ত্রীয় ও আধা-শাস্ত্রীয় সংগীতে নিজের স্বতন্ত্র পরিচয় তৈরি করেছেন।
ড. চঞ্চল খান রবীন্দ্রসংগীতের একজন বিশিষ্ট শিল্পী, তার পরিবেশনায় রবীন্দ্রনাথ ঠাকুরের গানের গভীরতা ও সৌন্দর্য নতুন মাত্রা পায়।
আয়োজকরা জানান, সাংস্কৃতিক কূটনীতির অংশ হিসেবে ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার নিয়মিত এ ধরনের আয়োজন করে আসছে। সংগীত ও শিল্পের মাধ্যমে ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে বন্ধুত্ব, পারস্পরিক বোঝাপড়া এবং সাংস্কৃতিক সম্পর্ক আরও সুদৃঢ় করাই এসব আয়োজনের মূল লক্ষ্য।
বাংলাদেশ সময়: ২১:২২:২৬ ● ২৮ বার পঠিত
