শুক্রবার ● ১৭ জুলাই ২০২৬

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, উপকূলে বৃষ্টিপাত; সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

হোম » আবহাওয়া » বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, উপকূলে বৃষ্টিপাত; সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
শুক্রবার ● ১৭ জুলাই ২০২৬


 

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, উপকূলে বৃষ্টিপাত; সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

সাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী

 

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে পটুয়াখালীসহ উপকূলীয় এলাকায় গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

 

বৃহস্পতিবার পটুয়াখালী ও কুয়াকাটাসহ উপকূলীয় অঞ্চলের আকাশ দিনভর ঘন মেঘে আচ্ছন্ন ছিল। কোথাও কোথাও মাঝারি বৃষ্টিপাত হয়েছে। নদ-নদীর পানির উচ্চতা কিছুটা বৃদ্ধি পেয়েছে এবং বাতাসের গতিবেগও বেড়েছে। কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠেছে। সাগরের তীরে আছড়ে পড়ছে ছোট-বড় ঢেউ।

 

পটুয়াখালী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী জানান, উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

 

তিনি আরও জানান, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছধরা নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে নিরাপদে চলাচল করতে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:৪০:৪৯ ● ২৭ বার পঠিত