বৃহস্পতিবার ● ১৬ জুলাই ২০২৬
মঠবাড়িয়ায় প্রশ্নপত্রে ভুলের অভিযোগ, তদন্তে চার সদস্যের কমিটি
হোম » লিড নিউজ » মঠবাড়িয়ায় প্রশ্নপত্রে ভুলের অভিযোগ, তদন্তে চার সদস্যের কমিটি
সাগরকন্যা প্রতিবেদক, মঠবাড়িয়া (পিরোজপুর)
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার খাস মহল লতীফ ইনস্টিটিউশনের ২০২৬ সালের অর্ধবার্ষিক পরীক্ষার ষষ্ঠ শ্রেণির ইংরেজি প্রথম পত্রের প্রশ্নপত্রে অসংখ্য ভুল থাকার অভিযোগ উঠেছে। প্রশ্নপত্রে ৭০ থেকে ৮০টি ভুল রয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন মহলে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
অভিযোগের পর বিষয়টি তদন্তে চার সদস্যের একটি কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে ১৫ জুলাই জারি করা এক অফিস আদেশে এ কমিটি গঠন করা হয়।
গঠিত কমিটির আহ্বায়ক করা হয়েছে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তাকে। সদস্য হিসেবে রয়েছেন মঠবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার। সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা।
অফিস আদেশে বলা হয়েছে, কমিটি অভিযোগের সত্যতা যাচাই করবে, প্রশ্নপত্র প্রণয়নের ক্ষেত্রে সরকারি বিধি-বিধান অনুসরণ করা হয়েছে কি না তা পরীক্ষা করবে এবং প্রয়োজনীয় মতামত ও সুপারিশসহ আগামী সাত কার্যদিবসের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে তদন্ত প্রতিবেদন জমা দেবে।
তদন্ত প্রতিবেদন পাওয়ার পর অভিযোগের প্রকৃত চিত্র, দায়িত্ব নির্ধারণ এবং প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।
বাংলাদেশ সময়: ২২:২২:৪৯ ● ৩৯ বার পঠিত
