শুক্রবার ● ১০ জুলাই ২০২৬

৩০০ টাকা নিয়ে বাড়ি ছেড়েছিলেন, আজ শতকোটি টাকার তারকা যশ

হোম » বিনোদন » ৩০০ টাকা নিয়ে বাড়ি ছেড়েছিলেন, আজ শতকোটি টাকার তারকা যশ
শুক্রবার ● ১০ জুলাই ২০২৬


তারকা যশ

 

সাগরকন্যা বিনোদন ডেস্ক

 

ভারতীয় সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেতা যশ। ‘কেজিএফ’ সিরিজে ‘রকি ভাই’ চরিত্রে অভিনয় করে তিনি শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও পরিচিতি পান। তবে এই সাফল্যের পেছনে রয়েছে দারিদ্র্য, সংগ্রাম ও অদম্য অধ্যবসায়ের এক অনুপ্রেরণার গল্প। মাত্র ৩০০ টাকা পকেটে নিয়ে বাড়ি ছেড়ে বেঙ্গালুরুতে আসা সেই কিশোরই আজ ভারতের শীর্ষ আয়কারী অভিনেতাদের একজন।

 

কর্ণাটকের একটি সাধারণ পরিবারে জন্ম যশের। তাঁর বাবা ছিলেন সরকারি বাসচালক। সীমিত আয়ের সংসারে ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি প্রবল আগ্রহ তৈরি হয় তাঁর। কিন্তু পরিবার শুরুতে অভিনয়কে পেশা হিসেবে নিতে উৎসাহ দেয়নি।

 

তবুও স্বপ্নের টানে মাত্র ৩০০ টাকা নিয়ে বেঙ্গালুরু পাড়ি জমান যশ। নতুন শহরে পরিচিত কেউ ছিল না, নিশ্চিত কাজও ছিল না। জীবনের কঠিন সময়ে তাঁকে অনেক রাত ফুটপাতেও কাটাতে হয়েছে। এক সাক্ষাৎকারে তিনি জানান, পুলিশের তাড়ায় মাঝরাতে ঘুম ভেঙে যাওয়ার ভয় নিয়ে খোলা আকাশের নিচে রাত কাটানোর অভিজ্ঞতাও তাঁর রয়েছে। সেখানেই তিনি নিজেকে প্রতিজ্ঞা করেছিলেন একদিন বড় অভিনেতা হবেন।

 

সেই লক্ষ্য পূরণে তিনি প্রথমে থিয়েটারে কাজ শুরু করেন। পরে টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করে ধীরে ধীরে কন্নড় চলচ্চিত্রে নিজের অবস্থান তৈরি করেন। তবে ‘কেজিএফ’ ও ‘কেজিএফ: চ্যাপ্টার ২’ এ ‘রকি ভাই’ চরিত্র তাঁকে সর্বভারতীয় জনপ্রিয়তা এনে দেয়। ছবিগুলো বক্স অফিসে ব্যাপক সাফল্য পাওয়ার পাশাপাশি কন্নড় চলচ্চিত্রকে আন্তর্জাতিক দর্শকের কাছেও পরিচিত করে তোলে।

 

সাফল্যের পরও যশের পরিবার জীবনযাত্রায় বড় পরিবর্তন আনেনি। তাঁর বাবা দীর্ঘদিন বাসচালকের চাকরি চালিয়ে যান এবং অবসরের আগে পর্যন্ত পেশা ছাড়েননি। যশ একাধিকবার বলেছেন, বাবার আত্মসম্মানবোধ ও কর্মনিষ্ঠাই তাঁকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে।

 

বর্তমানে যশের হাতে রয়েছে বহুল আলোচিত ‘টক্সিক’ এবং ‘রামায়ণ’ প্রকল্প। ‘রামায়ণ’ চলচ্চিত্রে তিনি অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবেও যুক্ত রয়েছেন। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, দুই পর্বে নির্মিত এই ছবির সম্ভাব্য বাজেট প্রায় ৪ হাজার কোটি রুপি হতে পারে, যা ভারতীয় চলচ্চিত্র ইতিহাসের অন্যতম ব্যয়বহুল প্রকল্প হিসেবে বিবেচিত হচ্ছে।

 

ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি কথা বলেন না যশ। সাক্ষাৎকারেও তিনি বরাবরই বলেন, ‘আমার হয়ে আমার কাজই কথা বলবে।’

 

ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের প্রকাশিত তথ্য অনুযায়ী, যশের আনুমানিক সম্পদের পরিমাণ প্রায় ৫৩ কোটি রুপি। মাসিক আয় প্রায় ৫৫ থেকে ৬০ লাখ রুপি, আর বার্ষিক আয় ৭ থেকে ৮ কোটি রুপির মধ্যে। প্রতি সিনেমার জন্য তিনি ২০ থেকে ২৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

 

বেঙ্গালুরুর একটি বিলাসবহুল ডুপ্লেক্স বাড়িতে বসবাস করেন যশ। তাঁর গাড়ির সংগ্রহে রয়েছে মার্সিডিজ-বেঞ্জ, অডি ও বিএমডব্লিউর মতো বিলাসবহুল ব্র্যান্ডের একাধিক গাড়ি। অভিনয়ের পাশাপাশি সমাজসেবামূলক কর্মকাণ্ডেও যুক্ত তিনি। নিজের একটি স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে বিভিন্ন সামাজিক উদ্যোগ পরিচালনা করেন। স্ত্রী রাধিকা পণ্ডিত এবং দুই সন্তান আইরা ও আয়ুশকে নিয়ে তাঁর পরিবার। বাবা-মাও তাঁদের সঙ্গেই বসবাস করেন।

বাংলাদেশ সময়: ১১:০৪:০৭ ● ৩২ বার পঠিত