বৃহস্পতিবার ● ৯ জুলাই ২০২৬

সুন্দরবনে বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ দস্যুর অস্ত্রসহ আত্মসমর্পণ, জিম্মি জেলে উদ্ধার

হোম » খুলনা » সুন্দরবনে বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ দস্যুর অস্ত্রসহ আত্মসমর্পণ, জিম্মি জেলে উদ্ধার
বৃহস্পতিবার ● ৯ জুলাই ২০২৬


সুন্দরবনে বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ দস্যুর অস্ত্রসহ আত্মসমর্পণ, জিম্মি জেলে  উদ্ধার

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

সুন্দরবনের কুখ্যাত ‘বড় জাহাঙ্গীর’ বাহিনীর তিন সক্রিয় সদস্য এক জিম্মি জেলেসহ বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করেছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে কোস্ট গার্ডের মোংলা বেইসে আনুষ্ঠানিকভাবে তারা আত্মসমর্পণ করেন। এ সময় তাদের কাছ থেকে দুটি দেশীয় একনলা বন্দুক, একটি দেশীয় পাইপগান এবং ৪০ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র কমান্ডার মো. মানসুরুন মাহ্‌দীন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, আত্মসমর্পণকারী দস্যুরা হলেন বাগেরহাটের মোংলা উপজেলার আলামিন হোসেন, সাতক্ষীরার তালা উপজেলার তৈবুর রহমান এবং খুলনার কয়রা উপজেলার মনিরুজ্জামান মামুন। তারা দীর্ঘদিন ধরে ‘বড় জাহাঙ্গীর’ বাহিনীর সক্রিয় সদস্য হিসেবে সুন্দরবনের নদী-খাল ও বনাঞ্চলে ডাকাতি, জেলে ও বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায়সহ বিভিন্ন অপরাধে জড়িত ছিলেন।

কোস্ট গার্ডের ভাষ্য অনুযায়ী, ধারাবাহিক বিশেষ অভিযানে কোণঠাসা হয়ে পড়ায় এবং দস্যু কর্মকাণ্ড চালিয়ে যাওয়া সম্ভব না হওয়ায় তারা দল থেকে বিচ্ছিন্ন হয়ে এক জিম্মি জেলেসহ আত্মসমর্পণের সিদ্ধান্ত নেয়।

কমান্ডার মো. মানসুরুন মাহ্‌দীন বলেন, কোস্ট গার্ডের নিয়মিত অভিযান, গোয়েন্দা তৎপরতা ও কঠোর নজরদারির কারণে সুন্দরবনে সক্রিয় দস্যু বাহিনীগুলো কার্যক্রম পরিচালনায় ব্যর্থ হচ্ছে এবং ক্রমেই কোণঠাসা হয়ে পড়ছে।

তিনি আরও জানান, এর আগে গত ২১ মে সুন্দরবনের আরেক কুখ্যাত ‘ছোট সুমন’ বাহিনীর সাত সদস্য অস্ত্র ও গোলাবারুদসহ কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করেছিলেন।

কোস্ট গার্ড জানায়, সুন্দরবনে সক্রিয় বনদস্যু ও ডাকাত বাহিনী নির্মূল এবং উপকূলীয় অঞ্চলের জেলে, বাওয়ালি ও বনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীর নেতৃত্বে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ এবং অপারেশন ম্যানগ্রোভ শিল্ড নামে দুটি বিশেষ যৌথ অভিযান চলমান রয়েছে। সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত না করা পর্যন্ত এসব অভিযান অব্যাহত থাকবে।


এমই/এমআর

বাংলাদেশ সময়: ১২:৫৪:২৪ ● ১৩ বার পঠিত