বুধবার ● ৮ জুলাই ২০২৬

বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি, ১৩ জেলে নিখোঁজ

হোম » জেলে-মৎস্য » বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি, ১৩ জেলে নিখোঁজ
বুধবার ● ৮ জুলাই ২০২৬


 

বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি, ১৩ জেলে নিখোঁজ

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)

 

কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে নিম্নচাপ ও লঘুচাপজনিত বৈরী আবহাওয়ার প্রভাবে সৃষ্ট ঝড়ো হাওয়া ও উত্তাল ঢেউয়ে তিনটি মাছধরা ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় অন্তত ১৩ জন জেলে নিখোঁজ রয়েছেন। এছাড়া আরও অন্তত পাঁচটি ট্রলার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জেলেদের সূত্রে জানা গেছে।

 

মহিপুর মৎস্য আড়ৎ মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি রাজু আহমেদ রাজা জানান, বুধবার দুপুর ১টার দিকে চর বিজয় সংলগ্ন বঙ্গোপসাগরে ছয় জেলে নিয়ে একটি ছোট মাছধরা ট্রলার ডুবে যায়। এ ঘটনায় ট্রলারের মালিক মাসুদ মাঝি উদ্ধার হলেও পাঁচ জেলে এখনও নিখোঁজ রয়েছেন।

 

তিনি আরও জানান, মঙ্গলবার বিকেল ৫টার দিকে বঙ্গোপসাগরের ১৭ কিলোমিটার গভীরে ১৮ জেলে নিয়ে বরগুনার তালতলী উপজেলার ফকিরহাটের এফবি মহিমা নামের একটি ট্রলার ডুবে যায়। বুধবার দুপুর পর্যন্ত ১৬ জেলেকে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর তেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হলেও দুই জেলে এখনও নিখোঁজ রয়েছেন। উদ্ধারকৃত জেলেদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

এর আগে গত রবিবার বঙ্গোপসাগরের প্রায় ৬০ কিলোমিটার গভীরে গলাচিপার খরিদা গ্রামের ইমাদুলের মালিকানাধীন একটি ট্রলার ১১ জেলেসহ ডুবে যায়। ওই ঘটনায় পাঁচ জেলে উদ্ধার হলেও ছয় জেলে এখনও নিখোঁজ রয়েছেন।

 

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ‘নিখোঁজ জেলেদের উদ্ধারে কোস্টগার্ড অভিযান চালিয়ে যাচ্ছে।’

বাংলাদেশ সময়: ১৬:৩৫:০২ ● ২৬ বার পঠিত