বুধবার ● ৮ জুলাই ২০২৬

টানা ৫ দিনের বৃষ্টি জনজীবনে দুর্ভোগ; পায়রা বন্দরে ৩ নম্বর সংকেত বহাল

হোম » আবহাওয়া » টানা ৫ দিনের বৃষ্টি জনজীবনে দুর্ভোগ; পায়রা বন্দরে ৩ নম্বর সংকেত বহাল
বুধবার ● ৮ জুলাই ২০২৬


 

টানা ৫ দিনের বৃষ্টি জনজীবনে দুর্ভোগ; পায়রা বন্দরে ৩ নম্বর সংকেত বহাল

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

 

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে পটুয়াখালীতে টানা পাঁচ দিন ধরে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। টানা বৃষ্টিতে জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে। মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত জেলায় ৭০.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন দিনমজুর, শ্রমজীবী মানুষ ও ছোট যানবাহনের চালকেরা।

 

ভারী বৃষ্টিতে উপকূলীয় এলাকার খাল-বিল উপচে পড়েছে এবং অনেক স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এখনও ঘন মেঘে আচ্ছন্ন রয়েছে উপকূলের আকাশ। একই সঙ্গে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর উত্তাল রয়েছে।

 

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, উপকূলীয় এলাকায় আরও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি এবং দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ পরিস্থিতিতে পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি সমুদ্রে থাকা মাছ ধরার ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে।

 

মহিপুর মৎস্য আড়ৎ সমবায় মালিক সমিতির সাবেক সভাপতি মো. দিদার উদ্দিন আহম্মেদ মাসুম বলেন, ‘সমুদ্রে থাকা সব মাছধরা ট্রলার শিব্বাড়িয়া পোতাশ্রয়ে নিরাপদে আশ্রয় নিয়েছে।’

বাংলাদেশ সময়: ১৩:০৫:১২ ● ১১১ বার পঠিত