বুধবার ● ৮ জুলাই ২০২৬

মনপুরায় টানা বর্ষণে জলাবদ্ধতা, দুর্ভোগে উপকূলের বাসিন্দারা

হোম » ভোলা » মনপুরায় টানা বর্ষণে জলাবদ্ধতা, দুর্ভোগে উপকূলের বাসিন্দারা
বুধবার ● ৮ জুলাই ২০২৬


 

মনপুরায় টানা বর্ষণে উপজেলার বিভিন্ন এলাকায় সৃষ্ট জলাবদ্ধতার চিত্র।

সাগরকন্যা প্রতিবেদক, মনপুরা (ভোলা)

 

টানা ভারী বর্ষণে ভোলার মনপুরা উপজেলার পাঁচটি ইউনিয়নের অধিকাংশ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। হাঁটু থেকে কোমরসমান পানিতে তলিয়ে গেছে গ্রামীণ সড়ক, ফসলের মাঠ ও বিস্তীর্ণ নিম্নাঞ্চল। এতে চরম দুর্ভোগে পড়েছেন উপকূলের বাসিন্দা, বিশেষ করে নিম্ন আয়ের ও দিনমজুর শ্রেণির মানুষ।

 

মঙ্গলবার সকাল থেকে উপকূলজুড়ে ভারী বৃষ্টি অব্যাহত ছিল। টানা তিন দিনের বর্ষণে উপজেলার বিভিন্ন এলাকায় বৃষ্টির পানি জমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। অনেকেই ঘর থেকে বের হতে পারছেন না। কর্মহীন হয়ে পড়ায় শ্রমজীবী মানুষের আয় বন্ধ হয়ে গেছে, ফলে অনেক পরিবারের চুলায়ও আগুন জ্বলছে না।

 

খোঁজ নিয়ে জানা যায়, বিচ্ছিন্ন কলাতলী ইউনিয়নের ঢালচর, কাজীরচর ও কলাতলী চরের বিভিন্ন নিম্নাঞ্চলে ৩ থেকে ৪ ফুট পানি জমেছে। এতে মূল ভূখণ্ড ও বিচ্ছিন্ন চরাঞ্চলের বাসিন্দাদের চলাচল ব্যাহত হচ্ছে। অনেক এলাকায় দোকানপাট ও ব্যবসা-বাণিজ্যও বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।

 

এ ছাড়া দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রহমানপুরসহ আশপাশের গ্রাম, হাজিরহাট ইউনিয়নের দাসেরহাট ও চরযতিনের নিম্নাঞ্চল, সোনারচরের পূর্ব ও পশ্চিম অংশ, মনপুরা ইউনিয়নের আন্দিরপাড় ও কাউয়ারটেক এবং উত্তর সাকুচিয়া ইউনিয়নের চরগোয়ালিয়াসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে।

 

হাজিরহাট ইউনিয়নের বাসিন্দা সফিজল, হেলাল ও ইউসুফ, দক্ষিণ সাকুচিয়ার রাকিব, উত্তর সাকুচিয়ার সজিব ও হাসান এবং মনপুরা ইউনিয়নের নাহিদ ও মোস্তফা বলেন, পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না করে মনপুরার চারপাশে বেড়িবাঁধের কাজ চলায় বৃষ্টি হলেই জলাবদ্ধতা তৈরি হয়। এছাড়া অধিকাংশ স্লুইসগেট দীর্ঘদিন ধরে অকেজো থাকায় খাল দিয়ে পানি নামতে পারছে না।

 

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ডিভিশন-২-এর নির্বাহী প্রকৌশলী মো. আসাফউদ্দৌলা বলেন, টানা বর্ষণের কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। স্লুইসগেট মেরামতসহ দ্রুত পানি নিষ্কাশনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩:০১:০১ ● ১৬ বার পঠিত