বুধবার ● ৮ জুলাই ২০২৬

মনপুরায় কোস্টগার্ড-মৎস্য বিভাগের যৌথ অভিযানে ৮৫ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ

হোম » ভোলা » মনপুরায় কোস্টগার্ড-মৎস্য বিভাগের যৌথ অভিযানে ৮৫ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ
বুধবার ● ৮ জুলাই ২০২৬


 

মনপুরায় কোস্টগার্ড-মৎস্য বিভাগের যৌথ অভিযানে ৮৫ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ

সাগরকন্যা প্রতিবেদক, ভোলা

 

ভোলার মনপুরায় বাংলাদেশ কোস্টগার্ড ও উপজেলা মৎস্য বিভাগের যৌথ অভিযানে একটি ব্যবসাপ্রতিষ্ঠান থেকে প্রায় ৮৫ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করা হয়েছে। পরে স্থানীয় বাসিন্দা ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

 

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ৯টার দিকে কোস্টগার্ড দক্ষিণ জোনের অধীন মনপুরা কন্টিনজেন্ট এবং উপজেলা মৎস্য বিভাগের একটি যৌথ দল উপজেলার বাংলাবাজার এলাকার মাকসুদ এন্টারপ্রাইজে অভিযান চালায়। এ সময় প্রতিষ্ঠানটি থেকে ১০০ পিস নিষিদ্ধ চায়না দুয়ারি জাল এবং প্রায় ২ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দ করা জালের আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় ৮৫ লাখ টাকা।

 

বুধবার সকাল ১১টার দিকে নদীর পাড়ে স্থানীয় বাসিন্দা ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে জব্দ করা জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

 

উপজেলা মৎস্য কর্মকর্তা উজ্জ্বল বণিক বলেন, ‘চায়না দুয়ারি ও কারেন্ট জাল নদী ও সমুদ্রের মৎস্য সম্পদের জন্য ভয়াবহ হুমকি। এসব জালে ছোট-বড় সব ধরনের মাছ ও জলজ প্রাণী নির্বিচারে ধরা পড়ে, যা জলজ জীববৈচিত্র্যের মারাত্মক ক্ষতি করে। মৎস্য সম্পদ ও মা মাছ রক্ষায় ভবিষ্যতেও কোস্টগার্ডের সহযোগিতায় এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে।’

 

কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের মৎস্য সম্পদ সংরক্ষণে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

বাংলাদেশ সময়: ১২:৫৭:৪২ ● ২২ বার পঠিত