মঙ্গলবার ● ৭ জুলাই ২০২৬
স্বাস্থ্য ও অধিকার বিষয়ে সচেতনতায় গৌরনদীতে উঠান বৈঠক
হোম » বরিশাল » স্বাস্থ্য ও অধিকার বিষয়ে সচেতনতায় গৌরনদীতে উঠান বৈঠক
সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
নারীর প্রজনন ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা, বাল্যবিবাহ, যৌতুক, নারী ও শিশু নির্যাতন, পারিবারিক সহিংসতা, কর্মক্ষেত্রে যৌন হয়রানি, নারীর ক্ষমতায়ন, সাইবার অপরাধ এবং মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বরিশালের গৌরনদীতে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) সকাল ১১টায় উপজেলার বিল্লগ্রাম বাজারে জাতীয় মহিলা সংস্থা, গৌরনদী শাখার উদ্যোগে এ সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জাতীয় মহিলা সংস্থার উপজেলা চেয়ারম্যান মো. ইব্রাহিম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান এবং গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব।
প্রধান আলোচক হিসেবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা ডা. স্নিগ্ধা নুজহাত নারীর প্রজনন ও মানসিক স্বাস্থ্য, মাতৃস্বাস্থ্য, কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা এবং মানসিক সুস্থতা বিষয়ে আলোচনা করেন। তিনি নারীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা গ্রহণ এবং মানসিক সুস্থতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন এবং গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় মহিলা সংস্থা, গৌরনদী শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. সহিদুল ইসলাম মৃধা।
উঠান বৈঠকে বাল্যবিবাহ, যৌতুক, নারী ও শিশু নির্যাতন, পারিবারিক সহিংসতা, কর্মক্ষেত্রে যৌন হয়রানি, নারীর ক্ষমতায়ন, সাইবার অপরাধ এবং মাদকের ক্ষতিকর প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে অংশগ্রহণকারীদের বিভিন্ন সরকারি সেবা, আইনি সহায়তা এবং সচেতনতামূলক কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়।
বক্তারা বলেন, নারীর স্বাস্থ্য, অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার, সমাজ, জনপ্রতিনিধি, গণমাধ্যম এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। পাশাপাশি বাল্যবিবাহ, যৌতুক ও সব ধরনের সহিংসতা প্রতিরোধে সবাইকে সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান তারা।
আয়োজকদের মতে, এ ধরনের সচেতনতামূলক উঠান বৈঠক নারীর ক্ষমতায়ন, স্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ, বৈষম্যহীন ও সহিংসতামুক্ত সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।
বাংলাদেশ সময়: ২০:২৫:১৩ ● ১৮ বার পঠিত
