মঙ্গলবার ● ৭ জুলাই ২০২৬

গৌরনদীতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪৮ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ

হোম » বরিশাল » গৌরনদীতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪৮ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ
মঙ্গলবার ● ৭ জুলাই ২০২৬


গৌরনদীতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪৮ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ

 

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

 

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পুনর্বাসনের লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে বরিশালের গৌরনদী উপজেলায় ৪৮টি পরিবারের মধ্যে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

 

মঙ্গলবার (৭ জুলাই) সকাল ১১টায় গৌরনদী উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে সরকারি সহায়তা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহিম।

 

অনুষ্ঠানে ইউএনও মো. ইব্রাহিম জানান, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সরকারের অন্যতম অঙ্গীকার। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যেন দ্রুত তাদের বসতঘর পুনর্নির্মাণ করতে পারে, সে লক্ষ্যেই এ সহায়তা প্রদান করা হচ্ছে। সরকারি সহায়তা বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি প্রকৃত ক্ষতিগ্রস্তরা যেন এ সুবিধা পান, সে বিষয়েও উপজেলা প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

 

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) খোকন চন্দ্র বিশ্বাস জানান, মন্ত্রণালয়ের বরাদ্দ অনুযায়ী উপজেলার ৪৮টি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রত্যেককে এক বান্ডিল ঢেউটিন এবং ঘর নির্মাণ সহায়তা হিসেবে ৩ হাজার টাকা করে নগদ অর্থ দেওয়া হয়েছে। সরকারের নির্দেশনা অনুযায়ী যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করে এ সহায়তা দেওয়া হয়েছে। ভবিষ্যতেও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে সরকারি সহায়তা দ্রুত পৌঁছে দিতে আমরা কাজ করে যাব।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান শরীফ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বদিউজ্জামান মিন্টু,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র বিশ্বাসসহ রাজনৈতিক, সামাজিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:৪১:০৭ ● ২৩ বার পঠিত