সোমবার ● ৬ জুলাই ২০২৬
বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ১১ জেলের মধ্যে উদ্ধার ৫, নিখোঁজ ৬
হোম » পটুয়াখালী » বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ১১ জেলের মধ্যে উদ্ধার ৫, নিখোঁজ ৬![]()
সাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবী উপকূল থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ট্রলারে থাকা ১১ জেলের মধ্যে পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে এখনও ছয়জন নিখোঁজ রয়েছেন। তাঁদের উদ্ধারে বাংলাদেশ কোস্ট গার্ড অভিযান চালিয়ে যাচ্ছে।
রোববার রাত ১০টার দিকে বৈরী আবহাওয়া, প্রবল স্রোত ও উত্তাল ঢেউয়ের মধ্যে এ দুর্ঘটনা ঘটে। উদ্ধার হওয়া জেলেদের মধ্যে আহত বায়েজিদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উদ্ধার হওয়া জেলেরা হলেন বায়েজিদ (৩০), ইমাদুল সিকদার (৪০), নাজমুল (৩০), রাকিব (২২) ও সজিব (২৫)।
উদ্ধার হওয়া জেলে বায়েজিদ জানান, গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নের খরিদা গ্রামের ইমাদুল সিকদারের মালিকানাধীন ট্রলারটি শনিবার রাতে ১১ জন জেলেকে নিয়ে মাছ ধরতে বঙ্গোপসাগরে যায়। রোববার রাত ৯টার দিকে বৈরী আবহাওয়া, প্রবল স্রোত ও বিশাল ঢেউয়ের আঘাতে ট্রলারটি ডুবে যায়। এরপর তাঁরা ট্রলারের ভাঙা অংশ ও একটি বয়া আঁকড়ে ধরে প্রায় ছয় ঘণ্টা সাগরে ভেসে থাকেন। পরে রাত ৩টার দিকে একই এলাকার ইমাম সিকদারের একটি মাছ ধরার ট্রলার তাঁদের উদ্ধার করে।
এখনও নিখোঁজ রয়েছেন পানপট্টি ইউনিয়নের তুলারাম গ্রামের ইমাদুল খা (৪৫), খরিদা গ্রামের হারুন (৬০), গজালিয়া ইউনিয়নের আদানী গ্রামের ফরকান (৪৫), সায়েদ (২০), আল-আমিন (৪০) এবং গলাচিপা সদর ইউনিয়নের পক্ষিয়া গ্রামের আক্কাস (২৫)।
গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজার মো. ইজাজুল হক বলেন, ট্রলারডুবির খবর পাওয়ার পর রাঙ্গাবালী ও কলাপাড়া উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করা হয়েছে। নিখোঁজ জেলেদের উদ্ধারে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান অব্যাহত রয়েছে।
এ ব্যাপারে রাঙাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ খায়রুল হাসান জানান, গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে ট্রলার ডুবির ঘটনা জানতে পরে তাৎক্ষণিক কোষ্টগার্ডকে জানানো হয়েছে। তারা উদ্ধারাভিযান শুরু করেছে।
এসএলডি/এমআর
বাংলাদেশ সময়: ২১:১৬:৫০ ● ২০ বার পঠিত
