শনিবার ● ৪ জুলাই ২০২৬
ফুটন্ত ভাতের হাঁড়ি ঢেলে ভাবিকে ঝলসে দেওয়ার অভিযোগ ননদের বিরুদ্ধে
হোম » পটুয়াখালী » ফুটন্ত ভাতের হাঁড়ি ঢেলে ভাবিকে ঝলসে দেওয়ার অভিযোগ ননদের বিরুদ্ধে

সাগরকন্যা প্রতিবেদক, বাউফল (পটুয়াখালী)
পটুয়াখালীর বাউফলে পারিবারিক বিরোধের জেরে ফুটন্ত গরম ভাতের হাঁড়ি ঢেলে ভাবিকে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে আপন ননদের বিরুদ্ধে। গুরুতর আহত ওই নারীকে প্রথমে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
শনিবার (৪ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার কালাইয়া ইউনিয়নের কর্পূরকাঠী গ্রামে এ ঘটনা ঘটে।
আহত শারমিন বেগম কর্পূরকাঠী গ্রামের দুলাল প্যাদার স্ত্রী। অভিযুক্ত সালমা বেগম তার স্বামীর ছোট বোন।
পরিবারের সদস্যরা জানান, দুপুরে শারমিন বেগম রান্নাঘরে ভাত রান্না করছিলেন এবং পাশে বসে সবজি কাটছিলেন। এ সময় সালমা বেগম রান্নাঘরে এসে পূর্বের পারিবারিক বিরোধকে কেন্দ্র করে তার সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে সালমা বেগম ফুটন্ত ভাত ও মাড়সহ হাঁড়িটি শারমিন বেগমের শরীরে ঢেলে দেন। এতে তার শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়।
স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোস্তাফিজুর রহমান বলেন, ‘গরম ভাত ও মাড় আঠালো হওয়ায় শারমিন বেগমের ঘাড়, বুক, পিঠ, হাত ও পায়ের বিভিন্ন অংশে লেগে যায়। এতে তার শরীরের প্রায় ২০ শতাংশ অংশ ঝলসে গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালে পাঠানো হয়েছে।’
শারমিন বেগমের স্বামী দুলাল প্যাদা বলেন, ‘আমার বোন সালমা বেগম হঠাৎ করেই এ ঘটনা ঘটিয়েছে।’
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ‘ঘটনার তদন্তে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
বাংলাদেশ সময়: ১৯:৪৯:৪৬ ● ২৫ বার পঠিত
