শনিবার ● ৪ জুলাই ২০২৬

লঘুচাপের প্রভাবে উত্তাল বঙ্গোপসাগর, পায়রা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

হোম » পটুয়াখালী » লঘুচাপের প্রভাবে উত্তাল বঙ্গোপসাগর, পায়রা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
শনিবার ● ৪ জুলাই ২০২৬


লঘুচাপের প্রভাবে উত্তাল বঙ্গোপসাগর, পায়রা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেতসাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় সৃষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর উত্তাল রয়েছে এবং উপকূলীয় এলাকায় বাতাসের চাপ বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি নদ-নদীর পানিও স্বাভাবিকের তুলনায় কিছুটা বৃদ্ধি পেতে শুরু করেছে।

গত দুই দিন ধরে জেলার বিভিন্ন স্থানে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী ও কক্সবাজারসহ দেশের নয়টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে দুপুর ১টা পর্যন্ত সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এছাড়া উত্তর বঙ্গোপসাগর, উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় পটুয়াখালীর পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আবহাওয়া অফিস মাছধরা ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশনা দিয়েছে। বৈরী আবহাওয়ার কারণে পটুয়াখালীর মৎস্যবন্দর মহিপুর ও আলীপুর নদীতে মাছধরা ট্রলার আশ্রয় নিতে শুরু করেছে।

মহিপুর মৎস্য আড়ৎ মালিক সমবায় সমিতির সাবেক সভাপতি মো. দিদার উদ্দিন আহম্মেদ মাসুম বলেন, অনেক মাছধরা ট্রলার সমুদ্রের কিনারায় অবস্থান করছে। যেসব ট্রলার গভীর সাগরে ছিল, সেগুলোও ধীরে ধীরে উপকূলের দিকে ফিরে আসছে।


এমবি/এমআর

বাংলাদেশ সময়: ১৩:৩৯:২৮ ● ১৩ বার পঠিত