রবিবার ● ২৮ জুন ২০২৬

গলাচিপা ও রাঙ্গাবালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত

হোম » সর্বশেষ » গলাচিপা ও রাঙ্গাবালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত
রবিবার ● ২৮ জুন ২০২৬


 

এটি প্রতীকী চিত্র

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)

 

সারাদেশের মতো পটুয়াখালীর গলাচিপা ও রাঙ্গাবালী উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ জুন) আয়োজিত এ কর্মসূচি উপলক্ষে আগে থেকেই ব্যাপক প্রস্তুতি গ্রহণ করে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

 

গলাচিপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মেজবাহ উদ্দিন জানান, ৬ মাস থেকে ৫ বছর বয়সী সব শিশুকে এ ক্যাম্পেইনের আওতায় ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

 

তিনি বলেন, ৬ মাস থেকে ১১ মাস ২৯ দিন বয়সী শিশুদের নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল দেওয়া হয়।

ডা. মেজবাহ উদ্দিন আরও বলেন, কোনো শিশু গত ৩০ দিনের মধ্যে ভিটামিন ‘এ’ ক্যাপসুল গ্রহণ করে থাকলে তাকে পুনরায় ক্যাপসুল খাওয়ানো হবে না। এছাড়া অসুস্থ শিশুদের সুস্থ না হওয়া পর্যন্ত ভিটামিন ‘এ’ ক্যাপসুল না খাওয়ানোর পরামর্শ দেওয়া হয়েছে।

 

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গলাচিপা ও রাঙ্গাবালী উপজেলায় মোট ৮৩২টি কেন্দ্রে এ ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে। প্রতিটি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে একটি করে কেন্দ্র স্থাপন করা হয়েছে। এসব কেন্দ্রের মাধ্যমে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

 

উপজেলা স্বাস্থ্য বিভাগ অভিভাবকদের নিজ নিজ এলাকার নিকটস্থ কেন্দ্রে শিশুদের নিয়ে এসে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানিয়েছে।

 

ক্যাম্পেইন-সংক্রান্ত যেকোনো তথ্য বা সমস্যার বিষয়ে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মেজবাহ উদ্দিন।

বাংলাদেশ সময়: ১২:৫১:৩৫ ● ২২ বার পঠিত