রবিবার ● ২৮ জুন ২০২৬
বাউফলে বিএনপির মোটরসাইকেল মিছিলে ছাত্রলীগ-যুবলীগের হামলা, আহত ১০
হোম » লিড নিউজ » বাউফলে বিএনপির মোটরসাইকেল মিছিলে ছাত্রলীগ-যুবলীগের হামলা, আহত ১০

সাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী
পটুয়াখালীর বাউফলে বিএনপির একটি মোটরসাইকেল মিছিলে হামলার অভিযোগ উঠেছে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। শনিবার (২৭ জুন) রাত পৌনে ৯টার দিকে উপজেলার দাসপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। এ সময় প্রায় ৩০টি মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগও উঠেছে।
আহতদের মধ্যে দাসপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুন (৪৫), যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ (৩৫), শ্রমিকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাওসার (৪২) এবং ছাত্রদলের সহসভাপতি রাসেলকে (৩০) বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
দাসপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মজিবর মৃধা বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মকাণ্ডের প্রতিবাদে সন্ধ্যায় পৌর শহরের বাংলাবাজার এলাকা থেকে দাসপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ৪০ থেকে ৫০টি মোটরসাইকেলে শতাধিক নেতাকর্মী মিছিল বের করেন। মিছিলটি নাজিরপুর ইউনিয়নের ডালিমা ও কালাইয়া বন্দর বেইলি ব্রিজ হয়ে দাসপাড়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায় বলে তিনি অভিযোগ করেন।
উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব সাইফুল ইসলাম খোকন অভিযোগ করে বলেন, রিয়াজ, হেলাল রাড়ী, সালাম, রাব্বি, রাসেল ও হেলালের নেতৃত্বে ২০ থেকে ২৫ জন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মোটরসাইকেল বহর নিয়ে হামলা চালায়। হামলাকারীরা কালাইয়া ও দাসপাড়া ইউনিয়নের ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মী এবং সমর্থক বলে তিনি দাবি করেন।
ঘটনার খবর পেয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক তসলিম তালুকদার আহত নেতাকর্মীদের দেখতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি জানার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১০:১৬:৫০ ● ২৩ বার পঠিত
