বুধবার ● ২৪ জুন ২০২৬
প্রধানমন্ত্রীর সফরে যোগ দিতে বেইজিং গেলেন তথ্যমন্ত্রী
হোম » জাতীয় » প্রধানমন্ত্রীর সফরে যোগ দিতে বেইজিং গেলেন তথ্যমন্ত্রী

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
প্রধানমন্ত্রীর চলমান রাষ্ট্রীয় সফরে অংশ নিতে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন মঙ্গলবার রাতে চীনের রাজধানী বেইজিংয়ের উদ্দেশে রওনা হয়েছেন। সফরকালে বাংলাদেশ ও চীনের মধ্যে গণমাধ্যম ও তথ্যপ্রযুক্তি খাতে একাধিক সহযোগিতা চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মঙ্গলবার রাত সাড়ে ১০টায় এয়ার চায়নার একটি নিয়মিত ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা করেন তথ্যমন্ত্রী। তাঁর এ সফর তিন দিনের সরকারি সফর হিসেবে নির্ধারিত হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সদস্য হিসেবে চীনের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিতব্য উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী সভায় অংশ নেবেন তিনি।
সফরের অংশ হিসেবে গণমাধ্যম ও তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে বাংলাদেশ ও চীনের মধ্যে কয়েকটি দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে চীনের আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিষ্ঠান চায়না মিডিয়া গ্রুপ এবং রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া নিউজ এজেন্সির সঙ্গে সহযোগিতা জোরদারের লক্ষ্যে একাধিক সমঝোতা স্মারকে সই করবেন তথ্যমন্ত্রী।
সংশ্লিষ্টদের মতে, এ সফর বাংলাদেশ ও চীনের বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করার পাশাপাশি দেশের গণমাধ্যম খাতে প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বাংলাদেশ সময়: ৮:৫৩:৫২ ● ৩৮ বার পঠিত
