সোমবার ● ২২ জুন ২০২৬
জেলেদের কল্যাণ ও সামুদ্রিক নিরাপত্তায় কোস্ট গার্ডের মতবিনিময় সভা
হোম » জেলে-মৎস্য » জেলেদের কল্যাণ ও সামুদ্রিক নিরাপত্তায় কোস্ট গার্ডের মতবিনিময় সভা
![]()
সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
বরগুনার পাথরঘাটায় জেলে ও উপকূলীয় জনগোষ্ঠীর কল্যাণে সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে স্থানীয় জেলেদের সঙ্গে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। রবিবার দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের অধীনস্থ কোস্ট গার্ড স্টেশন পাথরঘাটার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ড দেশের উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলে জননিরাপত্তা নিশ্চিতকরণ, আইন-শৃঙ্খলা রক্ষা, দুর্যোগ মোকাবিলা এবং আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। পাশাপাশি সমুদ্র ও নদীতীরবর্তী এলাকার জেলে ও স্থানীয় জনগণের কল্যাণে বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে নিরলসভাবে কাজ করছে।
মতবিনিময় সভায় জেলেদের সার্বিক কল্যাণ, সামুদ্রিক নিরাপত্তা, জলদস্যুতা ও অপহরণ প্রতিরোধে করণীয়, বৈধভাবে মৎস্য আহরণ, সরকারি বিধি-নিষেধ প্রতিপালন এবং দুর্যোগকালীন সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।
এ সময় জেলেদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে খোলামেলা আলোচনা অনুষ্ঠিত হয়। তাদের উত্থাপিত সমস্যাগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে আশ্বাস দেওয়া হয়।
সভায় কোস্ট গার্ডের কর্মকর্তাদের পাশাপাশি উপজেলা মৎস্য কর্মকর্তাও উপস্থিত ছিলেন।
জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকরণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং উপকূলীয় জনগোষ্ঠীর কল্যাণে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৩:০৬:০৩ ● ৪৬ বার পঠিত
