শনিবার ● ২০ জুন ২০২৬
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কার্যক্রমে প্রস্তুতিকালে বেতাগীতে আটক ৬
হোম » বরগুনা » নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কার্যক্রমে প্রস্তুতিকালে বেতাগীতে আটক ৬
সাগরকন্যা প্রতিবেদক, বেতাগী (বরগুনা)
বেতাগীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সাংগঠনিক কার্যক্রমের প্রস্তুতিকালে ৬ জনকে আটক করেছে বেতাগী থানা পুলিশ। শুক্রবার বিকেলে উপজেলার ফেরিঘাট এলাকার দুর্জয় ভাস্কর্যের আশপাশে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নিষিদ্ধ ছাত্রলীগের কিছু কর্মী উপজেলার বিভিন্ন এলাকা থেকে ফেরিঘাট এলাকায় জড়ো হয়ে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার প্রস্তুতি নিচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে বেতাগী থানা পুলিশ অভিযান চালায়।
আটকরা হলেন উপজেলার দক্ষিণ হোসনাবাদ এলাকার শিপন মোল্লার ছেলে শাহীন (১৯), খলিলুর রহমানের ছেলে তাওহিদ (১৮), ফুলতলা গ্রামের মাহবুব মোল্লার ছেলে মাহিম (১৭), হারুন মিয়ার ছেলে মো. সিফাত (১৯), বিবিচিনি ইউনিয়নের বশির হাওলাদারের ছেলে পারভেজ (২০) এবং তালগাছিয়া গ্রামের মনজুরুল হোসেনের ছেলে নাঈম (১৭)।
পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও ৬ জনকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
আটক ব্যক্তিরা ছাত্রলীগের কোনো পদধারী নেতা-কর্মী কি না জানতে চাইলে বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন অর রশিদ হাওলাদার বলেন, ‘জিজ্ঞাসাবাদে তারা কোনো সাংগঠনিক পদে থাকার বিষয়টি স্বীকার করেনি। ফলে তারা ছাত্রলীগের কোনো পদে রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।’
শুক্রবার রাত ৮টার দিকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওসি মো. হারুন অর রশিদ হাওলাদার বলেন, ‘আগস্ট মাসকে কেন্দ্র করে কিছু ছাত্রলীগ কর্মী বেতাগী ফেরিঘাট এলাকার দুর্জয় ভাস্কর্যে উপজেলার বিভিন্ন স্থান থেকে এসে জড়ো হতে শুরু করে। এমন সংবাদের ভিত্তিতে আমি নিজে থানার ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করি। অনেকেই পালিয়ে যেতে সক্ষম হলেও ৬ জনকে আটক করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।’
পুলিশের এ অভিযানের পর এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
বাংলাদেশ সময়: ১২:৫৮:১৭ ● ২১ বার পঠিত
