শুক্রবার ● ১৯ জুন ২০২৬
পটুয়াখালীর দুমকিতে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা
হোম » খেলা » পটুয়াখালীর দুমকিতে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)
ফিফা বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে দুমকিতে ব্রাজিল জাতীয় ফুটবল দলের সমর্থকদের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে আয়োজিত এ শোভাযাত্রায় শত শত সমর্থক অংশ নেন।
শুক্রবার বিকেল ৪টার দিকে সরকারি জনতা কলেজ সড়ক থেকে বিশাল ব্রাজিলের পতাকা, ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে শোভাযাত্রাটি শুরু হয়। পরে এটি শহরের নতুন বাজার, থানা ব্রিজ, পীরতলা বাজার এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় সরকারি জনতা কলেজ সড়কে এসে শেষ হয়।
শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা ব্রাজিল দলের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং দলের প্রতি নিজেদের সমর্থন প্রকাশ করেন। বিশ্বকাপকে ঘিরে দুমকির ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে বলে জানান আয়োজকরা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল আলম মৃধা, যুবদলের আহ্বায়ক জসিম উদ্দিন এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সুমন শরীফসহ ব্রাজিল সমর্থকরা।
আয়োজকদের দাবি, বিশ্বকাপ ফুটবলকে ঘিরে দুমকিতে এটি ছিল ব্রাজিল সমর্থকদের অন্যতম বৃহৎ শোভাযাত্রা। পুরো আয়োজন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে তারা জানান।
বাংলাদেশ সময়: ২০:২৪:০৬ ● ৩২ বার পঠিত
