শুক্রবার ● ১৯ জুন ২০২৬
মিশরের কায়রোয় ছারছীনা দরবারের পীর মোহেব্বুল্লাহ (রহ.) স্মরণে সেমিনার অনুষ্ঠিত
হোম » ইসলামী জীবন » মিশরের কায়রোয় ছারছীনা দরবারের পীর মোহেব্বুল্লাহ (রহ.) স্মরণে সেমিনার অনুষ্ঠিত

সাগরকন্যা ডেস্ক
মিশরে ছারছীনা দরবার শরীফের মরহুম পীর ছাহেব বাহরে শরীয়ত শাহ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (রহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বাদ মাগরিব কায়রোর গ্র্যান্ড কনফারেন্স হল বুর্জ আল-তাতবিকিয়্যিনে এই সেমিনারের আয়োজন করে ছারছীনা দারুসসুন্নাত সোসাইটি (কায়রো, মিশর) শাখা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন শাহ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাইমুম আল-মাহদী আল-আযহারী। শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মিশরের ধর্ম মন্ত্রণালয়ের ইমাম ও খতিব ক্বারী মোহাম্মাদ সাইদ। শুভেচ্ছা বক্তব্য দেন সাইফুর রহমান আল-আযহারী।
সেমিনারে বক্তারা বাংলা, আরবি ও ইংরেজি ভাষায় আলোচনায় অংশ নিয়ে ছারছীনা দরবার শরীফের খেদমত, শাহ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (রহ.)-এর জীবনাদর্শ, তাজদিদি মিশন, আধ্যাত্মিক অবদান এবং বাংলাদেশের ইসলামী শিক্ষা ব্যবস্থায় তাঁর ভূমিকা তুলে ধরেন।
অনুষ্ঠানে আল-আযহার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দেশের ছাত্র সংগঠনের প্রতিনিধিসহ প্রায় ২০টি দেশের শিক্ষার্থী প্রতিনিধি উপস্থিত ছিলেন। উপস্থিত সংগঠনগুলোর মধ্যে ছিল বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন, আহলে সুন্নাত ওয়াল জামায়াত, বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশন, অন উম্মাহ ফাউন্ডেশন, আল-আযহার স্টুডেন্ট ফোরামসহ বিভিন্ন সংগঠন।
বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে প্রধান অতিথিকে ক্রেস্ট, সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এছাড়া মিশরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন ইত্তেহাদের পক্ষ থেকেও সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে আলোচকরা ছারছীনা দরবার শরীফের শতবর্ষীয় অবদানকে মুসলিম উম্মাহর জন্য অনুকরণীয় বলে মন্তব্য করেন।
এক পর্যায়ে দরবার শরীফের ত্রাণ সংস্থা হেমায়েতে ইসলাম বাংলাদেশ-এর পক্ষ থেকে মিশরে অবস্থানরত ফিলিস্তিনি শরণার্থী ও নিপীড়িত ২০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
সমাপনী বক্তব্যে পীর ছাহেব শিক্ষার্থীদের উদ্দেশে দ্বীনি শিক্ষা, আমল-আখলাক, আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের আহ্বান জানান। তিনি মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি ও কল্যাণ কামনা করে মুনাজাত পরিচালনা করেন।
বাংলাদেশ সময়: ১৯:৫৯:৪৮ ● ১৬৬ বার পঠিত
