বুধবার ● ১৭ জুন ২০২৬

বেতাগীতে ২৭৮ উপকারভোগীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ

হোম » বরগুনা » বেতাগীতে ২৭৮ উপকারভোগীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ
বুধবার ● ১৭ জুন ২০২৬


বেতাগীতে ২৭৮ উপকারভোগীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ

সাগরকন্যা প্রতিবেদক,বরগুনা
বরগুনার বেতাগীতে স্বাবলম্বী পরিবার গড়ার প্রত্যয়ে ২৭৮ জন উপকারভোগীর মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ করা হয়েছে। বুধবার (১৭ জুন) বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বরগুনার জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য আলহাজ নুরুল ইসলাম মনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খলিল আহমেদ, বরিশাল রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান এবং বরিশাল বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে বেতাগী উপজেলার বিবিচিনি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ২৭৮ জন উপকারভোগীর মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম মনি বলেন, ফ্যামিলি কার্ড কার্যক্রমের মাধ্যমে প্রতিটি পরিবারের একটি সমন্বিত তথ্যভাণ্ডার গড়ে তোলা সম্ভব হবে। এর ফলে সরকারি সহায়তা ও বিভিন্ন সামাজিক সেবা প্রকৃত উপকারভোগীদের কাছে আরও দ্রুত ও সঠিকভাবে পৌঁছে দেওয়া যাবে।

এ সময় বরগুনার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা, বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক নজরুল ইসলাম মোল্লা, সিভিল সার্জন ডা. আবুল ফাত্তাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, বরগুনা প্রেসক্লাবের সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আবু জাফর সালেহ, সাবেক সভাপতি সোহেল হাফিজসহ সাংবাদিক নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, উপকারভোগী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত ও অসচ্ছল পরিবারগুলোকে স্বাবলম্বী করে তুলতে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সামাজিক নিরাপত্তা বেষ্টনী শক্তিশালী করা এবং সরকারি সেবার আওতা বাড়ানোর ক্ষেত্রেও এ উদ্যোগ কার্যকর হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।


এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ২০:১৩:১৮ ● ২১ বার পঠিত