শনিবার ● ৬ জুন ২০২৬

বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে বর্ণাঢ্য র‌্যালি ও লিফলেট বিতরণ

হোম » বরগুনা » বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে বর্ণাঢ্য র‌্যালি ও লিফলেট বিতরণ
শনিবার ● ৬ জুন ২০২৬


 

বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে বর্ণাঢ্য র‌্যালি ও লিফলেট বিতরণ

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

 

বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে বর্ণাঢ্য র‌্যালি ও জনসচেতনতামূলক লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বরগুনা সিভিল সার্জন ডা. মো. আবুল ফাত্তাহর নেতৃত্বে র‌্যালিটি সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ে লিফলেট বিতরণ করা হয়।

 

স্বাস্থ্য বিভাগের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। অংশগ্রহণকারীরা জানান, ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জমে থাকা পানি অপসারণে জনসচেতনতা বাড়ানো জরুরি।

 

র‌্যালিতে উপস্থিত ছিলেন বরগুনার পুলিশ সুপার কুদরত-ই-খোদা। জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম।

 

এছাড়া বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মো. আবু জাফর সালেহ, সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, ব্র্যাক, আরডিএফ ও জাগো নারীসহ বিভিন্ন বেসরকারি সংস্থার স্বাস্থ্যকর্মীরা কর্মসূচিতে অংশ নেন। আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, বরগুনা নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী, প্রশিক্ষক বিধান চন্দ্র এবং সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের স্বাস্থ্যকর্মীরা।

 

সিভিল সার্জন ডা. মো. আবুল ফাত্তাহ বলেন, ডেঙ্গু প্রতিরোধ করা প্রতিটি নাগরিকের কর্তব্য। সরকার চেষ্টা করছে, পাশাপাশি আপনাদেরও চেষ্টা চালিয়ে যেতে হবে। আপনারা যদি নিজ নিজ বাড়ির আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখেন, ময়লা-আবর্জনা পরিষ্কার রাখেন এবং টব ও ড্রামে যাতে পানি জমে না থাকে সেদিকে নজর দেন, তাহলে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব। এ ব্যাপারে আমাদের সবাইকে সচেতন হতে হবে।

বাংলাদেশ সময়: ১৮:০৯:৩৮ ● ২৯ বার পঠিত