শুক্রবার ● ৫ জুন ২০২৬

পাথরঘাটায় বিশ্ব পরিবেশ দিবসে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

হোম » বরগুনা » পাথরঘাটায় বিশ্ব পরিবেশ দিবসে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
শুক্রবার ● ৫ জুন ২০২৬


 

পাথরঘাটায় বিশ্ব পরিবেশ দিবসে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

 

বরগুনার পাথরঘাটায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মানববন্ধন, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার সকালে পাথরঘাটা উপজেলার হরিণঘাটা পর্যটন কেন্দ্রে পরিবেশ ও জলবায়ু বিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবি, সিএনআরএস- এর ফিসনেট প্রকল্প এবং ব্র্যাক- এর সমন্বয়ে এ কর্মসূচি পালিত হয়।

 

কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধনের পাশাপাশি পরিচ্ছন্নতা অভিযান এবং পরিবেশ সংরক্ষণ বিষয়ে সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয়।

 

এতে বক্তব্য রাখেন শফিকুল ইসলাম খোকন, সুপ্রিম কোর্টের আইনজীবী মনোজ কুমার কীর্তনিয়া মিন্টু, সুজন চন্দ্র বিশ্বাস, মো. আসাদুজ্জামান, তুহিন আলম, সুবোধ চন্দ্র এবং পদ্মা সিসিআরসির সভাপতি বেলাল হোসেন প্রমুখ।

 

বক্তারা বলেন, জীবন বাঁচাতে পরিবেশ রক্ষা করা আমাদের জন্য ফরজ। পরিবেশ রক্ষায় সকল ধর্মেই নির্দেশনা রয়েছে। কিন্তু আমরা নিজেরাই পরিবেশ ধ্বংসের লীলায় মেতে উঠেছি। এক প্রকার পরিবেশ ধ্বংসের প্রতিযোগিতায় নেমেছি। সম্মিলিতভাবে পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে।

 

শফিকুল ইসলাম খোকন বলেন, বর্তমানে বৈশ্বিক উষ্ণায়ন এবং জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত ব্যবহারের ফলে পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার নিশ্চিত করা সময়ের দাবি। আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে নবায়নযোগ্য জ্বালানির দিকে এগিয়ে যেতে হবে। অন্যথায় ভবিষ্যৎ প্রজন্মকে এর ভয়াবহ পরিণতি ও কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। তাই আমাদের প্রজন্মের জন্য সুন্দর পরিবেশ রেখে যাওয়ার দায়িত্ব আমাদের।

বাংলাদেশ সময়: ১৮:২৭:০৪ ● ২৭ বার পঠিত