বৃহস্পতিবার ● ৪ জুন ২০২৬

তালতলীতে প্রতিপক্ষকে খুঁজে না পেয়ে দুইটি গরু কুপিয়ে জখমের অভিযোগ

হোম » বরগুনা » তালতলীতে প্রতিপক্ষকে খুঁজে না পেয়ে দুইটি গরু কুপিয়ে জখমের অভিযোগ
বৃহস্পতিবার ● ৪ জুন ২০২৬


তালতলীতে প্রতিপক্ষকে খুঁজে না পেয়ে দুইটি গরু কুপিয়ে জখমের অভিযোগ

সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)

তালতলী উপজেলার হুলাটানা গ্রামে প্রতিপক্ষকে হত্যা করতে এসে তাকে না পেয়ে দুইটি গরুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (৪ জুন)  সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর অভিযোগে জানা যায়।

অভিযোগে বলা হয়, পঁচাকোড়ালিয়া ইউনিয়নের বাসিন্দা বাহাদুর প্যাদাকে লক্ষ্য করে একটি দল তার বাড়িতে হামলা চালায়। তবে তিনি বাড়িতে না থাকায় হামলাকারীরা তার দুইটি গরুকে কুপিয়ে জখম করে বলে দাবি করা হয়।

স্থানীয়রা জানান, হুলাটানা গ্রামে সকালে ২০-২৫ জনের একটি দল ধারালো অস্ত্রসহ এলাকায় প্রবেশ করে। পরে বাহাদুর প্যাদাকে না পেয়ে তার গরুগুলোর ওপর হামলা চালানো হয় বলে প্রত্যক্ষদর্শীদের ভাষ্য।

ভুক্তভোগী বাহাদুর প্যাদা বলেন, তাকে বিভিন্ন সময় গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়েছে। তিনি অভিযোগ করে বলেন, ছত্তার হাওলাদারের নেতৃত্বে হামেজ মৃধা, নাশির মৃধা, জসিম মৃধা, জুয়েল হাওলাদার ও নজরুলসহ ২০-২৫ জন আমাকে হত্যা করতে বাড়িতে আসে। আমাকে না পেয়ে আমার দুইটি গরু কুপিয়ে জখম করেছে। আমি এ ঘটনার বিচার চাই।

অভিযোগের বিষয়ে ছত্তার হাওলাদারের পরিবারের পক্ষ থেকে তার মেয়ে লাইলী বলেন, তার বাবা ফোন রেখে বাইরে গেছেন। তবে ঘটনার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কিছুই হয়নি বলে মন্তব্য করে ফোন সংযোগ বিচ্ছিন্ন করেন।

এ বিষয়ে তালতলী উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়র উপসহকারী কর্মকর্তা সঞ্জয় সিকদার বলেন, গরুর গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইদুল ইসলাম বলেন, বিষয়টি তিনি অবগত আছেন। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে স্থানীয়রা জানিয়েছেন।


এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৩৫:১৪ ● ১৮ বার পঠিত