রবিবার ● ৩১ মে ২০২৬
বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় শহীদ জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: হাফিজ ইব্রাহিম এমপি
হোম » রাজনীতি » বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় শহীদ জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: হাফিজ ইব্রাহিম এমপি
![]()
সাগরকন্যা প্রতিবেদক, ভোলা
ভোলার বোরহানউদ্দিনে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার আছর নামাজের পর উপজেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলম খান। প্রধান অতিথি ছিলেন ভোলা-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাফিজ ইব্রাহিম এমপি।
আলোচনা সভায় বক্তারা বলেন, স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশ পুনর্গঠন, জাতীয়তাবাদী রাজনীতির বিকাশ, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং অর্থনৈতিক উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
প্রধান অতিথির বক্তব্যে হাফিজ ইব্রাহিম বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র ও জাতীয়তাবাদী রাজনীতির এক অবিস্মরণীয় নাম। তাঁর আদর্শ, দেশপ্রেম ও নেতৃত্বগুণ নতুন প্রজন্মের জন্য অনুসরণীয়। দেশের উন্নয়ন, স্বনির্ভরতা ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় তাঁর অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
তিনি আরও বলেন, জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও রাষ্ট্র পরিচালনার নীতি আজও প্রাসঙ্গিক। তাঁর আদর্শ ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় দেশ ও জাতির কল্যাণ, গণতন্ত্রের অগ্রযাত্রা এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়েছে।
দোয়া মাহফিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
বাংলাদেশ সময়: ৯:১৭:৩৯ ● ২৪ বার পঠিত
