শনিবার ● ৩০ মে ২০২৬

ঈদের তৃতীয় দিনে কুয়াকাটা সৈকতে পর্যটকের ভিড়, উৎসবমুখর পরিবেশ

হোম » পর্যটন » ঈদের তৃতীয় দিনে কুয়াকাটা সৈকতে পর্যটকের ভিড়, উৎসবমুখর পরিবেশ
শনিবার ● ৩০ মে ২০২৬


 

ঈদের তৃতীয় দিনে কুয়াকাটা সৈকতে পর্যটকের ভিড়, উৎসবমুখর পরিবেশ

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া থেকে (পটুয়াখালী) 

 

পবিত্র ঈদুল আজহার তৃতীয় দিনে দেশের অন্যতম পর্যটনকেন্দ্র সাগরকন্যা কুয়াকাটায় পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে সমুদ্রসৈকত। শনিবার সকাল থেকে সৈকতের বিভিন্ন পয়েন্টে ভিড় বাড়তে থাকে। পর্যটকদের উপস্থিতিতে পুরো সৈকতজুড়ে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ।

 

পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানান, গত শুক্রবার বিকেল থেকে পর্যটকদের আগমন বাড়তে শুরু করেছে। তবে বিগত কয়েক বছরের তুলনায় এবার ঈদে পর্যটকের সংখ্যা কিছুটা কম। এতে ব্যবসায়ীদের মধ্যে হতাশা থাকলেও আগামী কয়েক দিনে পর্যটক সমাগম আরও বাড়বে বলে আশা করছেন তারা।

 

সৈকত ঘুরে দেখা যায়, জিরো পয়েন্ট এলাকায় পর্যটকরা সমুদ্রের ঢেউয়ের সঙ্গে জলকেলিতে মেতেছেন। অনেকে পরিবার-পরিজন ও প্রিয়জনকে নিয়ে দীর্ঘ সৈকতে হাঁটাহাঁটি করছেন। কেউ ছাতা-বেঞ্চিতে বসে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করছেন, আবার কেউ বালুকাবেলায় বিভিন্ন খেলায় অংশ নিচ্ছেন। শিশুদের বালু নিয়ে খেলায় মেতে উঠতে দেখা গেছে। সব মিলিয়ে সৈকতজুড়ে বিরাজ করছে প্রাণচাঞ্চল্যপূর্ণ পরিবেশ।

 

শুধু জিরো পয়েন্ট নয়, লেবুর চর, ঝাউবন, গঙ্গামতি ও আশপাশের অন্যান্য দর্শনীয় স্থানেও পর্যটকদের ভিড় লক্ষ্য করা গেছে।

 

ঢাকা থেকে পরিবার নিয়ে ঘুরতে আসা পর্যটক মোসা ও মনিরুল ইসলাম দম্পতি বলেন, ঈদের ছুটিতে পরিবার নিয়ে কুয়াকাটায় এসেছি। সমুদ্রসৈকতে হাঁটাহাঁটি, সাগরে গোসল, সৈকতে বসে স্থানীয় খাবার উপভোগ এবং সূর্যাস্তের মনোমুগ্ধকর দৃশ্য দেখা- সব মিলিয়ে দারুণ সময় কাটছে। এই ভ্রমণ স্মরণীয় হয়ে থাকবে।

 

কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল মোতালেব শরীফ বলেন, প্রতিবছরের মতো এবারও ঈদের ছুটিতে কুয়াকাটা পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠছে। আবাসিক হোটেলগুলোর কক্ষ বুকিংও বাড়ছে। পর্যটকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে আমরা কাজ করছি।

 

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা অঞ্চলের সহকারী পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। ট্যুরিস্ট পুলিশ সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে।

 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও কুয়াকাটা পৌর প্রশাসক মো. ইয়াসীন সাদেক বলেন, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। থানা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ ও গোয়েন্দা পুলিশের একাধিক টিম দায়িত্ব পালন করছে। পাশাপাশি পর্যটকদের মানসম্মত সেবা নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।

 

তিনি আরও বলেন, ঈদের ছুটির বাকি দিনগুলোতে পর্যটকের সংখ্যা আরও বাড়তে পারে বলে প্রশাসনের পক্ষ থেকে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫:৪৫:২৪ ● ২০ বার পঠিত