শনিবার ● ৩০ মে ২০২৬
চায়ের দোকানে ‘সাংবাদিক’ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, কুয়াকাটায় যুবক আটক
হোম » গণমাধ্যম » চায়ের দোকানে ‘সাংবাদিক’ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, কুয়াকাটায় যুবক আটক

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)
পটুয়াখালীর কুয়াকাটা পর্যটন এলাকায় এক চায়ের দোকানে কেকের মেয়াদোত্তীর্ণ (ডেট নেই) বিষয়কে কেন্দ্র করে ‘সাংবাদিক’ পরিচয়ে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে।
অভিযুক্ত যুবক নিজেকে ‘জনতার অনলাইন প্রেসক্লাব’-এর সাংবাদিক পরিচয় দিয়ে দোকানদারের কাছে প্রথমে ৫ হাজার টাকা জরিমানার ভয় দেখান বলে জানা গেছে। এতে দোকানদার আতঙ্কিত হয়ে পড়লে তিনি চাপ প্রয়োগ করে টাকা আদায়ের চেষ্টা করেন।
পরে এক পর্যায়ে দোকানদারের কাছ থেকে ২০০ টাকা নিয়ে ঘটনাস্থল ত্যাগের চেষ্টা করলে স্থানীয়রা বিষয়টি সন্দেহজনক মনে করে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি দোকানদারের কাছ থেকে ২০০ টাকা নেওয়ার কথা স্বীকার করেন বলে প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে।
আটক যুবকের নাম মেহেদী হাসান। তিনি জেলার মহিপুর থানার ধুলাসার ইউনিয়নের বালিয়াতলী গ্রামের মেজবাহ উদ্দিনের ছেলে।
পরে স্থানীয়দের কাছে নিজের ভুল স্বীকার করে তিনি ক্ষমা চান এবং ভবিষ্যতে এমন কর্মকাণ্ডে জড়াবেন না বলে অঙ্গীকার করেন।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার সত্যতা স্বীকার করে সাংবাদিকতার পরিচয়ে এ ধরনের প্রতারণা ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হোসাইন আমির।
মহিপুর থানার ওসি মোঃ শামীম আহমেদ এ প্রসঙ্গে বলেন, কুয়াকাটায় সাংবাদিক পরিচয়ে এক দোকানীর নিকট টাকা চাওয়ার কথা শুনেছি, তবে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাবার আগেই অভিযুক্ত পালিয়েছে।
বাংলাদেশ সময়: ১৪:৫৩:৩৫ ● ৩৪ বার পঠিত
