রবিবার ● ২৪ মে ২০২৬

পিরোজপুরে পৃথক দুই হত্যাকাণ্ড, ব্যবসায়ীসহ নিহত ২

হোম » লিড নিউজ » পিরোজপুরে পৃথক দুই হত্যাকাণ্ড, ব্যবসায়ীসহ নিহত ২
রবিবার ● ২৪ মে ২০২৬


 

পিরোজপুরে পৃথক দুই হত্যাকাণ্ড, ব্যবসায়ীসহ নিহত ২

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

পিরোজপুরের মঠবাড়িয়ায় কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি স্থানে দুই যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (২৪ মে) দুপুরে উপজেলার টিকিকাটা ইউনিয়ন ও ফুলঝুরি গ্রামে এসব ঘটনা ঘটে। নিহতরা হলেন- রেডিমেড পোশাক ব্যবসায়ী আব্দুল কাইয়ুম (৩০) ও জমিজমা সংক্রান্ত বিরোধে নিহত মোহাম্মদ ইউসুফ শরীফ (৩৫)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার দুপুর ১২টার দিকে ধানীসাফা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ফুলঝুরি গ্রামে জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে মোহাম্মদ ইউসুফ শরীফকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা করা হয়। তিনি ওই গ্রামের ফজলুল হক শরীফের ছেলে।

অভিযোগ রয়েছে, পূর্ব শত্রুতার জেরে একই এলাকার আলমগীর শরীফের ছেলে মো. আরাফাত শরীফ (৩০), তার স্ত্রী ফাতেমা আক্তার (২৪) এবং অজ্ঞাতনামা আরও ২ থেকে ৩ জন ধারালো দা দিয়ে ইউসুফের গলা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করা হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অন্যদিকে উপজেলার টিকিকাটা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মাঝু হাওলাদারের বাড়িতে নিজ শোবার ঘর থেকে আব্দুল কাইয়ুম নামে এক যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত কাইয়ুম ওই এলাকার জালাল হাওলাদারের ছেলে। তিনি স্থানীয় সাধনা ব্রিজ ও বড় ব্রিজ এলাকায় রেডিমেড কাপড়ের ব্যবসা করতেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, কাইয়ুমের স্ত্রী বাবার বাড়িতে থাকায় রোববার দুপুরে তিনি ঘরে একাই ছিলেন। এ সুযোগে দুর্বৃত্তরা ঘরে ঢুকে তাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। নিহত কাইয়ুমের একটি সন্তান রয়েছে।

স্থানীয় একটি সূত্র জানায়, কাইয়ুম মাদকাসক্ত ছিলেন। তবে হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।

একই দিনে পৃথক দুই হত্যাকাণ্ডের খবর পেয়ে মঠবাড়িয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, ফুলঝুরি গ্রামের হত্যাকাণ্ডটি জমিজমা বিরোধের জেরে ঘটেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। অন্যদিকে টিকিকাটা ইউনিয়নের হত্যার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। দুটি ঘটনার প্রেক্ষিতে পৃথক মামলা প্রস্তুতির কাজ চলছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:০৬:৫৩ ● ২৯ বার পঠিত