শনিবার ● ২৩ মে ২০২৬
বরগুনায় সরকারের ইশতেহার বাস্তবায়ন অগ্রগতি নিয়ে প্রশাসনের প্রেস ব্রিফিং
হোম » বরগুনা » বরগুনায় সরকারের ইশতেহার বাস্তবায়ন অগ্রগতি নিয়ে প্রশাসনের প্রেস ব্রিফিং

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
বরগুনায় বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে উল্লিখিত ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ, নারীর জন্য বিশেষ পরিবহন সুবিধাসহ বিভিন্ন কর্মসূচির অগ্রগতি ও ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন বিষয়ে প্রেস ব্রিফিং ও উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ মে) সকাল ১০টায় বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের সুবর্ণজয়ন্তী সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিসের আয়োজনে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বরগুনার জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস এবং জেলা তথ্য অফিসার।
প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক সরকারের সামাজিক সুরক্ষা, কৃষি উন্নয়ন, পানি ব্যবস্থাপনা, নারী ক্ষমতায়ন ও পরিবেশ সংরক্ষণে গৃহীত বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন।
তিনি জানান, প্রান্তিক ও নিম্ন আয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে “ফ্যামিলি কার্ড” কার্যক্রম চালু করা হয়েছে। এর মাধ্যমে উপকারভোগী পরিবার প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকার সমমূল্যের নিত্যপ্রয়োজনীয় পণ্য- যেমন চিনি, ডাল ও তেল- ভর্তুকি মূল্যে পাবে। ইতোমধ্যে বেতাগী উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়েছে এবং জাতীয় সংসদের চিফ হুইপের সুপারিশে ৫২৫টি পরিবারে কার্ড বিতরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, কৃষি খাতে কৃষক কার্ডের মাধ্যমে সহজ শর্তে ঋণ, সার, বীজ ও আধুনিক কৃষিযন্ত্রসহ ১০ ধরনের সুবিধা প্রদান করা হচ্ছে। পাশাপাশি প্রান্তিক কৃষকদের আর্থিক স্বস্তি দিতে কৃষি ঋণ মওকুফ কার্যক্রম চলমান রয়েছে। বরগুনা জেলায় এ পর্যন্ত ২১ হাজার কৃষকের ১৮ কোটি ৩৫ লাখ ৮১ হাজার টাকার ঋণ মওকুফ করা হয়েছে, যেখানে প্রতিজন কৃষক সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত সুবিধা পেয়েছেন।
পানি ব্যবস্থাপনা উন্নয়নে খাল খনন কর্মসূচির কথা উল্লেখ করে তিনি জানান, জেলায় বর্তমানে ৫১টি খাল খনন কার্যক্রম চলমান রয়েছে, যা জলাবদ্ধতা নিরসন ও কৃষি উৎপাদন বৃদ্ধিতে ভূমিকা রাখবে।
নারী উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় চলাচল নিশ্চিত করতে নির্দিষ্ট এলাকায় বিশেষ পরিবহন ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, সরকারের উন্নয়ন কার্যক্রম জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে জেলা তথ্য অফিস ও জেলা প্রশাসনের সমন্বয়ে উঠান বৈঠক, নারী সমাবেশ, চলচ্চিত্র ও টিভি প্রদর্শনী, মাইকিং, অনলাইন প্রচার ও আলোচনা সভাসহ নানা সচেতনতামূলক কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।
জেলা প্রশাসক বলেন, গণমাধ্যমের সহযোগিতায় স্বচ্ছতার সঙ্গে সরকার ঘোষিত সকল সুবিধা প্রকৃত উপকারভোগীদের মাঝে পৌঁছে দেওয়া হবে।
এছাড়া বরগুনা প্রেসক্লাবের সভাপতি তাঁর বক্তব্যে পরিবেশ সুরক্ষা ও দীর্ঘমেয়াদি উন্নয়নে বৃক্ষরোপণ ও খাল খনন কার্যক্রমকে আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
প্রেস ব্রিফিংয়ে বরগুনা প্রেসক্লাবের সভাপতি হাফিজুর রহমান, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম হায়দার স্বপন, মফস্বল সাংবাদিক ফোরাম, রিপোর্টার্স ক্লাব বরগুনার সভাপতি-সাধারণ সম্পাদক, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৫:৩৩:৫৯ ● ২৪ বার পঠিত
