মঙ্গলবার ● ১৯ মে ২০২৬

নেছারাবাদে নিখোঁজ নির্মল ওঝার লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

হোম » লিড নিউজ » নেছারাবাদে নিখোঁজ নির্মল ওঝার লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
মঙ্গলবার ● ১৯ মে ২০২৬


 

পুলিশ মরদেহ উদ্ধারের প্রক্রিয়া শুরু করার সময় ছবিটি তোলা হয়েছে। ইনসেটে নির্মল ওঝা’র সংগৃহীত ছবি।

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)

 

পিরোজপুরের নেছারাবাদে নিখোঁজের প্রায় একদিন পর নির্মল চন্দ্র হালদার ওরফে নির্মল ওঝা (৬৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলার স্বরূপকাঠি সদর ইউনিয়নের পানাউল্লাহপুর গ্রামের একটি পরিত্যক্ত ঘরের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

 

নিহত নির্মল ওঝা উপজেলার আটঘর-কুড়িয়ানা ইউনিয়নের পশ্চিম কুড়িয়ানা গ্রামের বিপেন হালদারের ছেলে।

 

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার বিকেলে প্রতিদিনের মতো কুড়িয়ানা বাজারে যান নির্মল হালদার। এরপর রাত ৮টার পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। একাধিকবার মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়। পরে ওই রাতেই তার পরিবারের পক্ষ থেকে নেছারাবাদ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

 

মঙ্গলবার ভোরে স্থানীয়দের মাধ্যমে পরিবারের সদস্যরা জানতে পারেন, পানাউল্লাহপুর গ্রামের একটি পরিত্যক্ত বাড়ির পাশে তার মরদেহ পড়ে আছে।

 

নিহতের ভাগ্নে দিলীপ হালদার বলেন, মামা নিখোঁজের পর আমরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেছি। পরে তাঁর ছেলে থানায় জিডি করে। সকালে খবর পাই লাশ পাওয়া গেছে।

 

তিনি সাগরকন্যাকে আরও জানান, নির্মল হালদার এলাকায় ‘নির্মল ওঝা’ নামে পরিচিত ছিলেন এবং মানুষের বিপদে আর্থিক সহায়তা করতেন। তার কাছে স্বর্ণালংকার ও নগদ অর্থ ছিল বলেও দাবি করেন তিনি।

 

প্রতিবেশী অমল রায় বলেন, তিনি বিভিন্ন সময় আমাদেরও আর্থিক সহায়তা করতেন। এক সপ্তাহ আগে তিনি আমাকে ৫০ হাজার টাকা ধার দিয়েছিলেন। নিখোঁজের পর সকালে তাঁর লাশ পাওয়ার খবর পাই।

 

এদিকে ঘটনাস্থল পরিদর্শনকারী নেছারাবাদ থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার মজুমদার জানান, নিহতের গায়ে স্বর্ণালংকার বা সঙ্গে মোবাইল ফোন ও টাকা-পয়সা পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

 

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুরে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:১৮:১৬ ● ৩৭ বার পঠিত