সোমবার ● ১৮ মে ২০২৬

পটুয়াখালীতে ৫৬ টাকায় পুলিশে চাকুরি; নিয়োগ পেলেন ২৯ জন

হোম » পটুয়াখালী » পটুয়াখালীতে ৫৬ টাকায় পুলিশে চাকুরি; নিয়োগ পেলেন ২৯ জন
সোমবার ● ১৮ মে ২০২৬


 

পটুয়াখালীতে ৫৬ টাকায় পুলিশে চাকুরি; নিয়োগ পেলেন ২৯ জন

সাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী

কোনো ধরনের তদবির, সুপারিশ বা ঘুষের লেনদেন ছাড়াই সম্পূর্ণ মেধা ও শারীরিক যোগ্যতার ভিত্তিতে পটুয়াখালীতে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পেয়েছেন ২৯ জন তরুণ-তরুণী। মাত্র ৫৬ টাকা সরকারি ফি দিয়ে চাকরি পাওয়ায় উত্তীর্ণ প্রার্থী ও তাদের পরিবারে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে।

 

সোমবার পটুয়াখালী পুলিশ লাইন্স মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে চূড়ান্তভাবে নির্বাচিত নতুন কনস্টেবলদের ফুল দিয়ে বরণ ও অভিনন্দন জানানো হয়।

 

জেলা পুলিশ সূত্রে জানা যায়, চলতি নিয়োগ প্রক্রিয়ায় ৫ মার্চ আবেদন শুরু হয়ে ৩১ মার্চ শেষ হয়। মোট ২ হাজার ১৩৯ জন প্রার্থী আবেদন করেন। এর মধ্যে লিখিত পরীক্ষায় অংশ নেন ৪১৮ জন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৯৩ জনকে মৌখিক পরীক্ষার (ভাইভা) জন্য নির্বাচন করা হয়। সব ধাপ শেষে ২৯ জনকে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হয় এবং আরও ৫ জনকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়।

 

পুলিশ সূত্র আরও জানায়, শারীরিক মাপ, কাগজপত্র যাচাই, শারীরিক সক্ষমতা পরীক্ষা, লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে সম্পূর্ণ স্বচ্ছতা, সততা ও নিরপেক্ষতার নীতি অনুসরণ করে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হয়েছে।

 

চূড়ান্ত ফলাফল প্রকাশের পর নির্বাচিতদের অধিকাংশই দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের সন্তান হিসেবে দেখা যায়। কোনো প্রকার আর্থিক লেনদেন বা তদবির ছাড়াই মাত্র ৫৬ টাকা ব্যাংক ফি দিয়ে চাকরি পাওয়ায় অনেক প্রার্থী আবেগাপ্লুত হয়ে পড়েন।

 

একাধিক নির্বাচিত প্রার্থী বলেন, ‘আমাদের পরিবারে বড় কোনো তদবিরের সুযোগ ছিল না, আর্থিক সামর্থ্যও সীমিত। ৫৬ টাকা ব্যাংক ড্রাফট দিয়ে আবেদন করেছিলাম। ভেবেছিলাম হয়তো সুযোগ হবে না। কিন্তু আজ প্রমাণ হলো, মেধা ও যোগ্যতার ভিত্তিতেও চাকরি পাওয়া সম্ভব।’

 

নবনিযুক্তদের বরণ অনুষ্ঠানে পটুয়াখালীর পুলিশ সুপার মো. আবু ইউসুফ বলেন, ‘শুরু থেকেই আমরা স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ সম্পন্ন করার অঙ্গীকার করেছিলাম। যারা নির্বাচিত হয়েছেন, তারা সম্পূর্ণভাবে নিজেদের যোগ্যতায় বাংলাদেশ পুলিশের সদস্য হয়েছেন।’

 

তিনি আরও আশা প্রকাশ করেন, নবীন কনস্টেবলরা সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে পুলিশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবেন।

 

উল্লেখ্য, পুরো নিয়োগ প্রক্রিয়াটি বাস্তবায়িত হয় বাংলাদেশ পুলিশের তত্ত্বাবধানে এবং পটুয়াখালী জেলা পুলিশের ব্যবস্থাপনায়।

বাংলাদেশ সময়: ২৩:৪৬:০৮ ● ২৮ বার পঠিত