সোমবার ● ১৮ মে ২০২৬
কলাপাড়ায় নিখোঁজ নারীর সন্ধানে পরিবার
হোম » পটুয়াখালী » কলাপাড়ায় নিখোঁজ নারীর সন্ধানে পরিবার

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় নিখোঁজ এক নারীর সন্ধান চেয়ে পরিবারের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। নিখোঁজ ওই নারীর নাম নাজমা বেগম (৪৫)। তিনি উপজেলার বালিয়াতলী ইউনিয়নের আইয়ুম পাড়া গ্রামের মো. মোকলেস গাজীর স্ত্রী।
পরিবার সূত্রে জানা গেছে, গত শুক্রবার (১৫ মে) সকাল ১০টার দিকে নাজমা বেগম স্বামীর বাড়ি থেকে মোটরসাইকেলে করে কলাপাড়া হাসপাতালের সামনে এসে নামেন। এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। তিন দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।
স্বজনরা জানান, নিখোঁজ হওয়ার দিন সকালে পারিবারিক কিছু বিষয় নিয়ে তার সঙ্গে মনোমালিন্য হয়। এর কিছু সময় পর তিনি বাড়ি থেকে বের হয়ে যান।
নাজমা বেগমের ভাইয়ের ছেলে নীলগঞ্জের বাসিন্দা মো. মেহেদী হাসান বলেন, আমরা আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজি করেছি, কিন্তু কোথাও তাকে পাওয়া যায়নি। তিনি কোনো মোবাইল ফোন ব্যবহার করেন না। এতে তাকে খুঁজে পেতে আরও সমস্যা হচ্ছে। বহু খোঁজাখুঁজির পরও সন্ধান না পেয়ে আজ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার সিদ্ধান্ত নিয়েছি।
এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, এখন পর্যন্ত এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৪:৩০:৫৫ ● ১০ বার পঠিত
