রবিবার ● ১৭ মে ২০২৬
সঠিক ইসলামী আদর্শ ছাড়া জীবন সুন্দর ও সুশৃঙ্খল হয় না- ছারছীনার পীর
হোম » ইসলামী জীবন » সঠিক ইসলামী আদর্শ ছাড়া জীবন সুন্দর ও সুশৃঙ্খল হয় না- ছারছীনার পীর

সাগরকন্যা ডেস্ক
আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর ছাহেব, মাওলানা শাহ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা. জি. আ.) বলেছেন, সঠিক আক্বীদা ও আদর্শ লালন করা বর্তমান ফেতনা-ফাসাদের যুগে একজন মুমিনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং একই সঙ্গে দুনিয়া ও আখিরাতে মুক্তির একমাত্র পথ। সঠিক আক্বীদা ছাড়া যেমন কোনো আমল কবুল হয় না, তেমনি সঠিক ইসলামী আদর্শ ছাড়া জীবন কখনো সুন্দর ও সুশৃঙ্খল হতে পারে না।
তিনি বলেন, ইসলামে আক্বীদা হলো একটি ইমারতের ভিত্তির মতো। ভিত্তি দুর্বল হলে যেমন বহুতল ভবন ধসে পড়ে, তেমনি আক্বীদা বা বিশ্বাসে ভেজাল থাকলে মানুষের নামাজ, রোজা, হজ, যাকাতসহ সব আমল আল্লাহর দরবারে কবুল হওয়ার পরিবর্তে বাতিল হয়ে যেতে পারে।
তিনি আরও বলেন, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক ও রাষ্ট্রীয় জীবন কেমন হবে- সে রূপরেখা আল্লাহ ও তাঁর রাসুল (সা.) নির্ধারণ করে দিয়েছেন। সেটিই প্রকৃত ইসলামী আদর্শ। অথচ বর্তমান সময়ে অনেকেই জীবনের বিভিন্ন ক্ষেত্রে পশ্চিমা সংস্কৃতি কিংবা কুসংস্কারকে আদর্শ হিসেবে গ্রহণ করছে।
তিনি বলেন, চারদিকে বিভ্রান্তি ও ফেতনার এই সময়ে নিজের ও পরিবারের ঈমান-আক্বীদা রক্ষা করতে বাস্তবমুখী কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে। এর মধ্যে রয়েছে- কুরআন ও সুন্নাহর সঠিক জ্ঞান অর্জন, শিরক ও বিদআত থেকে দূরে থাকা, হালাল উপার্জন নিশ্চিত করা, হারাম পরিত্যাগ করা, পরিবারে দ্বীনি পরিবেশ গড়ে তোলা এবং সৎ সঙ্গ ও উত্তম পরিবেশ নির্বাচন।
তিনি আরও বলেন, বর্তমানে সোশ্যাল মিডিয়া, নাস্তিক্যবাদী চিন্তা ও ভোগবাদী জীবনব্যবস্থা মানুষের আক্বীদা ও চরিত্রকে গ্রাস করছে। এই স্রোতে ভেসে না গিয়ে মুসলমানদের দৃঢ়ভাবে ঈমানের ওপর অটল থাকতে হবে।
শনিবার (১৬ মে) বাদ মাগরিব ছারছীনা দরবার শরীফের জামে মসজিদে ছারছীনা দারুস্সুন্নাত জামেয়া-এ-নেছারীয়া দীনিয়া মাদ্রাসার দাওরায়ে হাদীস, ইফতা ও তাফসির বিভাগের সবক অনুষ্ঠান এবং পীর ছাহেব কেবলার পবিত্র হজব্রত পালনের উদ্দেশ্যে যাত্রাপূর্ব দোয়া অনুষ্ঠানে শিক্ষার্থীদের নসিহত করতে গিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দোয়া অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ড. সৈয়দ মুহাঃ শরাফত আলী, মাওলানা মাহমুদুম মুনীর হামীম এবং মাওলানা রুহুল আমিন ছালেহী প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯:৩২:৫০ ● ২৬ বার পঠিত
