শনিবার ● ১৬ মে ২০২৬
বরগুনার বেতাগীতে ১০ ডাকাতের সঙ্গে লড়ে গুলিবিদ্ধ গৃহকর্তা রিমন
হোম » বরগুনা » বরগুনার বেতাগীতে ১০ ডাকাতের সঙ্গে লড়ে গুলিবিদ্ধ গৃহকর্তা রিমন
![]()
সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
বরগুনার বেতাগীতে সশস্ত্র ১০ জন ডাকাতের সঙ্গে একা লড়াই করতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন গৃহকর্তা মো. রিফাত বিন রিমন (২৫)। শুক্রবার (১৫ মে) রাত আনুমানিক ২টার দিকে বেতাগী সদর ইউনিয়নের বেইলি ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই রাতে প্রায় ১০ জনের একটি সশস্ত্র ডাকাত দল খলিলুর রহমান পুলিশের বাড়িতে হানা দেয়। এ সময় তার ছেলে রিফাত বিন রিমন একাই ডাকাতদের প্রতিরোধের চেষ্টা করেন। তিনি সাহসিকতার সঙ্গে ডাকাত দলের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন।
একপর্যায়ে ডাকাতরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিটি রিমনের পায়ে লাগে এবং তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
রিমন গুলিবিদ্ধ হওয়ার পর ডাকাত দল ঘর থেকে নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ আনুমানিক ৭–৮ লাখ টাকার মালামাল লুট করে পালিয়ে যায় বলে জানিয়েছেন স্বজনরা।
ঘটনার খবর পেয়ে বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন-অর-রশিদ ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, ঘটনার তদন্ত চলছে এবং ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতিও চলছে।
বাংলাদেশ সময়: ১৮:০৭:০১ ● ৩৩ বার পঠিত
