শনিবার ● ১৬ মে ২০২৬
সুন্দরবন রক্ষায় পিরোজপুরে পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে সভা
হোম » পিরোজপুর » সুন্দরবন রক্ষায় পিরোজপুরে পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে সভা
সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর
বিশ্ব ঐতিহ্য সুন্দরবন রক্ষায় পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে জার্নালিজম ফর সুন্দরবনস ফোরামের ইনিশিয়েটিভে পিরোজপুর প্রেস ক্লাব মিলনায়তনে এক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ মে) সকালে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ফোরামের সদস্য খালিদ আবু। বক্তব্য রাখেন ফোরামের সদস্য সচিব খেলাফত হোসেন খসরু, সদস্য ফসিউল ইসলাম বাচ্চু, অ্যাডভোকেট ওয়াহিদ হাসান বাবু, ইমাম হোসনে মাসুদ, জিয়াউল হক, হাসান মামুন, প্রকল্প কর্মকর্তা সাহিদা বানু সোনিয়া এবং নেছারাবাদ উপজেলা আহ্বায়ক আনোয়ার হোসেনসহ অন্যান্যরা। সভা সঞ্চালনা করেন ফোরামের সদস্য হারিসুল ইসলাম।
বক্তারা বলেন, নদী ও খালবিলের মাধ্যমে প্রতিদিন বিপুল পরিমাণ পলিথিন ও প্লাস্টিক বর্জ্য সুন্দরবনের বিভিন্ন এলাকায় পৌঁছে পরিবেশের মারাত্মক ক্ষতি করছে। এসব বর্জ্য জলজ প্রাণী, বনাঞ্চলের জীববৈচিত্র্য এবং পরিবেশের স্বাভাবিক ভারসাম্যের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।
তারা আরও বলেন, সুন্দরবন শুধু দেশের প্রাকৃতিক সম্পদ নয়, এটি উপকূলীয় মানুষের জীবন-জীবিকা এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে সুরক্ষার অন্যতম প্রধান ঢাল।
সভায় বক্তারা পলিথিন ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার কমানো, বাজার ও দোকানগুলোতে পরিবেশবান্ধব বিকল্প পণ্যের ব্যবহার নিশ্চিত করা, স্থানীয় প্রশাসনের নজরদারি বৃদ্ধি এবং শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।
তারা আরও বলেন, সরকারের পাশাপাশি সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ ছাড়া সুন্দরবনকে প্লাস্টিক দূষণ থেকে রক্ষা করা সম্ভব নয়। এজন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
সভা শেষে সুন্দরবন রক্ষায় পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে ধারাবাহিক গণসচেতনতা কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।
বাংলাদেশ সময়: ১৬:৪৩:৫৬ ● ২৩ বার পঠিত
