বৃহস্পতিবার ● ১৪ মে ২০২৬
বাউফলে উজ্জ্বল কর্মকার হত্যা: আসামিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন
হোম » পটুয়াখালী » বাউফলে উজ্জ্বল কর্মকার হত্যা: আসামিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন![]()
সাগরকন্যা প্রতিবেদক, বাউফল (পটুয়াখালী)
পটুয়াখালীর বাউফল উপজেলার আলোচিত উজ্জ্বল কর্মকার হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার কালাইয়া বন্দর মদন মোহন জিউর আখড়া বাড়ি সংলগ্ন সড়কে ‘সচেতন সমাজ’-এর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে নিহত উজ্জ্বল কর্মকারের স্বজন, স্থানীয় সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের সদস্য, ব্যবসায়ী, শিক্ষক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় এলাকাজুড়ে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অংশগ্রহণকারীরা হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অতুল চন্দ্র পাল, বাউফল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের বাউফল প্রতিনিধি কৃষ্ণকান্ত কর্মকার, বন্দরের ব্যবসায়ী সাহেদুল ইসলাম সুমন এবং নিহত উজ্জ্বল কর্মকারের ভাই আনন্দ কর্মকার।
বক্তারা অভিযোগ করে বলেন, উজ্জ্বল কর্মকারকে প্রকাশ্যে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার দীর্ঘ সময় পার হলেও মামলার সব আসামি গ্রেফতার না হওয়ায় পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। একটি প্রভাবশালী মহল ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে বলেও তারা দাবি করেন। দ্রুত সব আসামিকে গ্রেফতার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত ৩০ মার্চ উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরদিয়ারা কচুয়া এলাকায় জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন উজ্জ্বল কর্মকারের ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে বাউফল থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, উজ্জ্বল কর্মকার হত্যাকাণ্ডকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত চলছে। এজাহারভুক্ত আসামিদের মধ্যে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
বাংলাদেশ সময়: ১৫:৩৪:৩২ ● ২৪ বার পঠিত
