বৃহস্পতিবার ● ১৪ মে ২০২৬

কলাপাড়ায় ৭৮ অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু

হোম » পটুয়াখালী » কলাপাড়ায় ৭৮ অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু
বৃহস্পতিবার ● ১৪ মে ২০২৬


কলাপাড়ায় ৭৮ অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়া পৌরসভার একমাত্র পয়োনিষ্কাশন খাল রহমতপুর খাল দখলমুক্ত করতে অবশেষে উচ্ছেদ অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি)-এর নেতৃত্বে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে যৌথভাবে এ অভিযান পরিচালিত হয়।

পৌরসভার এতিমখানা কালভার্ট ও রহমতপুর অংশ থেকে শুরু হওয়া এ অভিযানে প্রথম ধাপে চিহ্নিত ৭৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদের পরিকল্পনা রয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ।

এর আগে গত ফেব্রুয়ারিতে বিভিন্ন গণমাধ্যমে রহমতপুর খাল দখল ও দূষণে ভরাট হয়ে যাওয়ার খবর প্রকাশের পর প্রশাসন প্রথম ধাপে খাল থেকে ময়লা-আবর্জনা অপসারণ করেছিল। তবে আজ থেকে শুরু হলো খালের জমি পুনরুদ্ধারের পূর্ণাঙ্গ উচ্ছেদ অভিযান।

দীর্ঘদিন পর খাল উদ্ধারে অভিযান শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় পরিবেশকর্মী ও পৌরবাসী। সকাল থেকেই শত শত মানুষ প্রশাসনের এ উদ্যোগের সঙ্গে একাত্মতা প্রকাশ করে উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসিন সাদেক জানান, সরকারি খাল দখলকারীদের তালিকা প্রস্তুত করে উচ্ছেদ কার্যক্রম শুরু হয়েছে এবং এটি ধারাবাহিকভাবে চলবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ বলেন, চিহ্নিত ৭৮টি স্থাপনা ছাড়াও সকল অবৈধ দখল উচ্ছেদ করা হবে। উচ্ছেদ শেষে সরকারি নির্দেশনা অনুযায়ী খাল খননের কাজ শুরু করা হবে। ইতোমধ্যে এ বিষয়ে একটি প্রস্তাবনা অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:৩০:৪৭ ● ২৪ বার পঠিত